আজকের দিনেতিলোত্তমা

মমতার হয়ে প্রচারে অরবিন্দ কেজরিওয়াল!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লড়াইয়ে এবার সরাসরি ময়দানে নামছেন অরবিন্দ কেজরিওয়াল। তৃণমূল কংগ্রেসের বিশেষ আমন্ত্রণে আগামী ২৬ এবং ২৭ এপ্রিল কলকাতায় থাকছেন তিনি। আপ সূত্রের খবর, মূলত ভবানীপুর কেন্দ্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একগুচ্ছ প্রচার কর্মসূচিতে অংশ নেবেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২৯শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় তথা চূড়ান্ত দফার ভোট, আর তার ঠিক আগে কেজরিওয়ালের এই সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ফোনালাপেই চূড়ান্ত হয় সফরের রূপরেখা

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট ছিল। তার ঠিক আগেই বুধবার মমতাদির সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন কেজরিওয়াল। পরে সমাজমাধ্যমে তিনি নিজেই সেই ফোনালাপের কথা জানান। আপ প্রধান লেখেন:

“মমতাদিদির সঙ্গে ফোনে কথা বললাম। ওঁর প্রতি আমার পূর্ণ সংহতি ও সমর্থন রয়েছে। দিদি ভারতীয় গণতন্ত্রের জন্য অন্যতম কঠিন এবং গুরুত্বপূর্ণ লড়াই লড়ছেন। নির্বাচন কমিশন-সহ সমস্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠানের অপব্যবহার করেও মোদীজি হারবেন।”

এই বার্তার পরই কেজরিওয়ালের বঙ্গসফরের বিষয়টি সামনে আসে।

ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই

২৯শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। আর এই দফায় গোটা রাজ্যের নজর যে কেন্দ্রের দিকে, তা হলো ভবানীপুর। একদিকে রয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই হাইভোল্টেজ কেন্দ্রে তৃণমূল নেত্রীর হয়ে কেজরিওয়ালের প্রচার বিজেপির ওপর বাড়তি চাপ তৈরি করবে বলেই মনে করছে ঘাসফুল শিবির।

দু’দিনের ঠাসা কর্মসূচি

তৃণমূল সূত্রে খবর, ২৬ এবং ২৭ এপ্রিল ভবানীপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ছোট-বড় জনসভা করার কথা রয়েছে কেজরিওয়ালের। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে পদযাত্রা বা রোড-শো করার পরিকল্পনাও রয়েছে। দিল্লির আম আদমি সরকার যেভাবে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সাফল্য পেয়েছে, সেই ‘মডেল’ সামনে রেখেই বিজেপি-বিরোধী প্রচার শানাতে পারেন কেজরি।

প্রথম দফার ভোট মিটতে না মিটতেই দ্বিতীয় দফার আগে কেজরিওয়াল ও মমতার এই ‘জুগলবন্দি’ বাংলার নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে চলেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *