ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে ইউরোপজুড়ে, স্পেনে ২০০ জনের মৃত্যু
কিউ ইন্ডিয়া বাংলা- তাপপ্রবাহের কবলে গোটা ইউরোপ। গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। রীতিমতো প্রাণান্তকর অবস্থা। ফ্রান্স সহ জার্মানি, ইটালি, ব্রিটেন, পর্তুগাল-সহ ইউরোপের বেশির ভাগ জায়গাতেই এই ছবি ধরা পড়েছে। কোথাও কোথাও ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে। তাপপ্রবাহের কারণে স্পেনে প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ জন। সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার ফ্রান্সের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৪২ ডিগ্রি সেলসিয়াসে।
মধ্য ফ্রান্সের পইটিয়ার্সে তাপমাত্রা পৌঁছয় ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে। ফ্রান্সের আবহাওয়া দফতরের আশঙ্কা, আগামী কয়েকদিনের মধ্যে রাজধানী প্যারিসেও তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। ফ্রান্সে এখনও পর্যন্ত চার শিশু-সহ কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। গোটা ইউরোপের মধ্যে ফ্রান্সের অবস্থা আরও করুণ। তাপপ্রবাহের জেরে স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র দাবদহের কবলে ব্রিটেন, ইটালি ও স্পেন। ব্রিটেনের তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের মধ্যেও সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পার বলে মনে করা হচ্ছে। গোটা ব্রিটেনজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, গত রবিবার পর্যন্ত স্পেনে মৃত্যু হয়েছে ২১২ জনের। অত্যাধিক গরমে নাজেহাল পর্তুগাল এবং বেলজিয়াম। তাপপ্রবাহের কবলে পড়ে জার্মানিতে মৃত্যু হয়েছে ৫ জনের।
ইউরোপে জুন মাসে বয়ে যাওয়া তাপপ্রবাহটি এ বছরের মধ্যে এ ধরনের দ্বিতীয় ঘটনা। মে মাসে মৌসুমের শুরুতেই তাপমাত্রার যে বৃদ্ধি দেখা গিয়েছিল, তাতে মহাদেশটির মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে এমন তাপমাত্রা অনুভূত হয়েছিল যা সাধারণত গ্রীষ্মের চরম ভাবাপন্ন সময়ের বৈশিষ্ট্য।
