শুভেন্দুর আপ্ত সহায়ককে মেরে কোন পথ ধরেছিল আততায়ীরা? জানা গেল বড় তথ্য
কিউ ইন্ডিয়া বাংলা:-নতুন সরকারের শপথের ৪৮ ঘণ্টা আগেই রক্তাক্ত বাংলা! মধ্যমগ্রামে রাস্তার উপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। চালকও গুলিবিদ্ধ। পুলিশ বলছে, খুনটা পূর্বপরিকল্পিত। ঘটনাস্থল শুভম গার্ডেনিয়া আবাসনের সিকিউরিটি দিলেন আরও বিস্ফোরক তথ্য। আবাসনের সিসি ক্যামেরায় বন্দি হয়েছে পুরো ঘটনা।
রাত ১০টা থেকে ১০:১০টার মধ্যে হঠাৎ গুলির আওয়াজ পান বলে জানালেন সিকিউরিটি গার্ড। তিনি তখন সিকিউরিটি ডেস্কে ছিলেন। শব্দ শুনেই গেটের দিকে ছুটে যান। দরজা খুলে দেখেন, সামনেই কিছু একটা ঘটছে। সঙ্গে সঙ্গে তিনি আবাসনের দরজা বন্ধ করে দেন। এরপরই বিস্ফোরক দাবি করেন ওই নিরাপত্তারক্ষী। পুলিশ প্রথমে দাবি করেছিল, এই রাস্তা দিয়েই বাইক চলে যায়। কিন্তু সিকিউরিটি গার্ডের কথা অনুযায়ী, ওই দুটো বাইকের কোনওটাই যশোর রোডের দিকে যায়নি। সিকিউরিটির দাবি, বাইক দুটি ঢুকেছে যশোর রোড দিয়েই দোহারিয়ার দিকে। মনে করা হচ্ছে, যশোর রোড না ধরে ভিতরের ঘিঞ্জি এলাকা দিয়েই আততায়ীরা পালানোর পরিকল্পনা নেয়।
শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত ১০ থেকে ১০.১৫-র মধ্যে। জানা যাচ্ছে, হামলার সময় গাড়ির সামনের সিটে ছিলেন চন্দ্রনাথ রথ ও তাঁর গাড়ির চালক। পিছনের সিটে ছিলেন মিন্টু নামে একজন। যিনি চন্দ্রনাথ রথের ঘনিষ্ঠ বলে পরিচিত। তদন্তে উঠে এসেছে, ঘটনায় মোট ৩জন আততায়ী ছিল। একজন গাড়ি চালিয়ে এসেছিল। অন্য ২ জন ছিল মোটরবাইকে।
