আজকের দিনেভারত

ছত্তিশগড় তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ: বেদান্ত চেয়ারম্যান অনিল আগরওয়ালের বিরুদ্ধে মামলা, মৃত ২০

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ছত্তিশগড়: ছত্তিশগড়ের শক্তি জেলায় বেদান্ত গোষ্ঠীর মালিকানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায় চূড়ান্ত গাফিলতির অভিযোগে বৃহস্পতিবার সংস্থার চেয়ারম্যান অনিল আগরওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করল ছত্তিশগড় পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছেন বাংলার ৩ জন শ্রমিকও।

কী ঘটেছিল?

গত মঙ্গলবার দুপুর ২টো নাগাদ শক্তি জেলায় অবস্থিত বেদান্ত গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রে আচমকা এই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, ঘটনার সময় প্ল্যান্টের ভিতরে অন্তত ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর প্রাণ বাঁচাতে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, যার ফলে সেখানে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। এই দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারান এবং ১৬ জন গুরুতর জখম অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন।

চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

দুর্ঘটনার পর থেকেই কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছিল রাজনৈতিক দলগুলি। চাপের মুখে পড়ে বৃহস্পতিবার শক্তি জেলার দাভরা থানায় অনিল আগরওয়াল এবং সংস্থার আরও ৯ জন পদস্থ কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন:

  • মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট এবং ঘটনাস্থলের ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে।

  • কারখানার নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি যথাযথ ছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

  • আগামীতে অভিযুক্তের তালিকায় আরও নাম যোগ হতে পারে।

বাংলার শ্রমিকদের মৃত্যুতে শোকের ছায়া

মৃত ২০ জনের মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গের শ্রমিক হওয়ায় রাজ্যের জেলাগুলিতে শোকের ছায়া নেমে এসেছে। কর্মসংস্থানের খোঁজে ভিনরাজ্যে গিয়ে এই পরিণতি মেনে নিতে পারছেন না স্বজনরা। মৃতদের পরিবারের পক্ষ থেকে কড়া শাস্তির দাবি জানানো হয়েছে।

চাপের মুখে প্রশাসন

বিস্ফোরণের পর থেকেই ছত্তিশগড়ের বিরোধী দল কংগ্রেস সরব হয়েছিল। তাদের দাবি ছিল, শুধুমাত্র নিচুতলার কর্মীদের ওপর দায় না চাপিয়ে সরাসরি মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অবশেষে অনিল আগরওয়ালের বিরুদ্ধে মামলা হওয়ায় ঘটনার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।

বর্তমানে ওই বিদ্যুৎ কেন্দ্রটি পুলিশি পাহাড়ায় রয়েছে এবং ফরেনসিক দল নিয়মিত তথ্য সংগ্রহ করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের কাউকেই রেয়াত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *