আজকের দিনেতিলোত্তমা

হিরণের দ্বিতীয় স্ত্রীকে ‘রক্ষিতা’ বলে তোপ দাগলেন অনিন্দিতা!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাওড়ার শ্যামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিল তাঁর ব্যক্তিগত জীবনের বিতর্ক। হিরণের দ্বিতীয় বিয়ে এবং প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে আইনি টানাপোড়েন এবার রাজনীতির আঙিনায় বিস্ফোরক মোড় নিল। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে, মনোনয়নপত্রে স্ত্রী হিসেবে হিরণ কার নাম লেখেন, তা তিনি দেখে নেবেন। বুধবার হিরণ মনোনয়ন পেশ করার পর দেখা যায়, সেখানে ‘স্ত্রী’ হিসেবে অনিন্দিতা চট্টোপাধ্যায়ের নামই উল্লেখ করা হয়েছে। তবে হিরণ সেখানে নিজেকে আইনত বিবাহিত’ কিন্তু বিচ্ছিন্ন’ হিসেবে দর্শিয়েছেন।

মনোনয়ন পেশের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়েছেন অনিন্দিতা। হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির নাম না করে তাঁকে ‘রক্ষিতা’ বলে সম্বোধন করেন তিনি। ফেসবুকে অনিন্দিতা প্রশ্ন তোলেন: “রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?” চলতি বছরের জানুয়ারি মাসে ঋতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। অনিন্দিতার দাবি, তাঁদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি। তা সত্ত্বেও হিরণ দ্বিতীয় বিয়ে করেছেন। এর আগে অনিন্দিতা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, হিরণ এই বিষয়ে ‘পাল্টি’ খেতে পারেন। মনোনয়নে অনিন্দিতার নাম থাকায় সেই আশঙ্কা যে সত্যি হয়েছে, তা কার্যত স্পষ্ট।

ব্যক্তিগত জীবনের এত বিতর্ক সত্ত্বেও পদ্মশিবির খড়গপুরের বিদায়ী বিধায়ক হিরণের ওপরই ভরসা রেখেছে। শ্যামপুরে আদা-জল খেয়ে প্রচারে নামলেও, প্রথম স্ত্রীর এই লাগাতার আক্রমণ এবং ‘দ্বি-পত্নীক’ বিতর্ক নির্বাচনের ময়দানে হিরণকে কতটা অস্বস্তিতে ফেলে, এখন সেটাই দেখার। এই বিষয়ে হিরণ চট্টোপাধ্যায় বা তাঁর ঘনিষ্ঠ মহলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *