আজকের দিনেতিলোত্তমা

এক ধাক্কায় ১২ টাকা দাম বাড়ল অটোর এলপিজি-র

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ  মধ্যবিত্তের যাতায়াতের অন্যতম ভরসা অটো পরিষেবায় এবার বড়সড় ধাক্কা। বুধবার সকাল থেকে কলকাতায় এক লিটার অটো এলপিজি-র দাম এক লাফে ১২ টাকা ২৮ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর ফলে মঙ্গলবার পর্যন্ত যে গ্যাসের দাম ছিল লিটার প্রতি ৭০ টাকা, বুধবার তা বেড়ে দাঁড়াল ৮০ টাকা ৯৬ পয়সায়। জ্বালানির এই আকাশছোঁয়া বৃদ্ধিতে শহর ও শহরতলির একাধিক রুটে অটোর ভাড়া বাড়া এখন কেবল সময়ের অপেক্ষা। পরিসংখ্যান বলছে, গত এক মাসে ধাপে ধাপে অটোর গ্যাসের দাম বেড়েছে প্রায় ২৫ টাকা। ১১ মার্চ প্রথম দফায় দাম ৫ টাকা বেড়েছিল (৫৭.৬৮ টাকা থেকে ৬২.৬৮ টাকা)। এরপর ৩১ মার্চ এক ধাক্কায় ৭ টাকা ৩২ পয়সা বেড়ে দাম পৌঁছেছিল ৭০ টাকায়। বুধবারের নতুন মূল্যবৃদ্ধির পর চালকদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে।

জ্বালানির দাম বাড়ার ফলে শহরের অনেক রুটেই ইতিমধ্যে ভাড়া বাড়ানো হয়েছে। তবে যে সব রুটে এতদিন পুরনো ভাড়ায় অটো চলছিল, সেখানকার চালকরাও এবার ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন। অটো চালকদের বক্তব্য,”জ্বালানির দাম যে হারে বাড়ছে, তাতে পুরনো ভাড়ায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে। এখন ভাড়া বাড়ানো ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।”

ফেব্রুয়ারি মাসে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। আমদানিকৃত এলপিজি-র জোগান ব্যাহত হওয়ায় ভারতেও এর সরাসরি প্রভাব পড়ছে। রান্নার গ্যাসের পাশাপাশি বাণিজ্যিক ও অটো এলপিজি-র দাম নিয়ন্ত্রণে রাখা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে সাধারণ নিত্যযাত্রীদের পকেটে যে টান পড়বে, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই পরিস্থিতিতে সরকার বা পরিবহন দফতর অটোর ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে কোনো হস্তক্ষেপ করে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *