সিইও দপ্তরের সামনে তৃণমূলের অবস্থান, মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে ফর্ম ৬ (ভোটার তালিকায় নাম তোলা) জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক-এর দপ্তরের সামনে চলল তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ ও অবস্থান ধরনা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের অভিযোগ, এক ব্যক্তি ব্যাগ ভর্তি প্রচুর সংখ্যক ফর্ম ৬ নিয়ে বেআইনিভাবে নির্বাচন কমিশনের অফিসে ঢুকেছেন। এই বিপুল পরিমাণ ফর্ম জমা দেওয়ার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি শাসকদলের। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্য়েই কলকাতার হেয়ার স্ট্রিট থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতের উত্তপ্ত পরিস্থিতি ও বিক্ষোভ নিয়ে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (টুইটার) কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, “এই ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন কোনও ত্রুটি রাখবে না।” গতকাল সিইও দপ্তরে অভিযোগ জানাতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। সেই সময় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় বচসা বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ব্যারিকেড তৈরি করতে হয়। বুধবার সকালেও সেই উত্তেজনার রেশ কাটেনি। সকাল থেকেই সিইও দপ্তরের সামনে ফের অবস্থান শুরু করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এর ফলে গোটা এলাকা কার্যত দুর্গে পরিণত হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পুলিশ কমিশনার হেয়ার স্ট্রিট থানার আধিকারিকদের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন।
