আজকের দিনেবাংলার আয়না

পানিহাটিতে প্রচার শুরু অভয়ার মা-বাবার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিগত বুধবার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার থেকেই উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে নেমে পড়লেন আরজি করের নির্যাতিতা তরুণীর মা। এদিন নিজের পাড়াতেই কিছুক্ষণের জন্য প্রচার সারেন তিনি। ভোটে জিততে সাধারণ মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন আরজি করের নির্যাতিতার বাবা–মা। এ দিন তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক হলেও গত কয়েকদিনের মতো সিপিএমকে নিয়ে বেশ সাবধানী ছিলেন ওই দম্পতি।

সংবাদমাধ্যমের সামনে নির্যাতিতার মা বলতে থাকেন, ‘মনের কষ্ট মনে আছে। বড় দায়িত্ব নিয়েছি। পানিহাটি পাশে থাকলে মানুষের জয় হবে।’ পানিহাটি জুড়ে জমা জল, আবর্জনা, রাস্তাঘাট ও অনুন্নয়নের অভিযোগ তোলেন তাঁরা। স্থানীয় এক প্রৌঢ়া নির্যাততার মাকে জড়িয়ে ধরে বলেন, ‘তুমি জয়ী হবে।’ সংলগ্ন কয়েকটি বাড়িতে ভোট প্রচার সেরে দুপুরে বাড়ি ঢুকে যান তাঁরা। গতকাল সন্ধ্যার দিকে নির্যাতিতার বাড়িতে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দোতলার ঘরে গিয়ে মা-বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। নির্বাচনী রণকৌশল ঠিক করতে এই বৈঠক বলে খবর বিজেপি সূত্রে। রাজস্থান থেকে বিজেপির এক শীর্ষ নেতা চলে এসেছেন। অভয়ার মা-বাবার সঙ্গে ইতিমধ্যে তাঁর কথা হয়েছে। মহারাষ্ট্র থেকে আরও এক শীর্ষ নেতা আসছেন বলে খবর বিজেপি সূত্রে।
নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু বলেছিলেন , ‘সে দিন নির্যাতিতার দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের আগে যে ভাবে তড়িঘড়ি শ্মশানে মরদেহের লাইন ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছিল তাতে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার, হাসপাতাল সুপার, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সকলেই জড়িত। সিবিআই মামলা হাতে নিলেও কলকাতা পুলিশ সমস্ত তথ্যপ্রমাণ নষ্ট করেছিল।’

ঘটনা প্রসঙ্গে পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত বলেন, ‘যে বিজেপি হাথরস, উন্নাও-সহ ভিন রাজ্যের নারী নির্যাতনের বিচার দিতে পারেনি, সেই বিজেপি অভয়ারও বিচার দিতে পারবে না। তবে নির্যাতিতার মা আমার প্রশংসা বা কটাক্ষ যাই করুন, তা নিয়ে আমার কোনও বক্তব্য নেই।’
তবে যে যাই বলুক না কেন আগামী বিধানসভা নির্বাচনে পানিহাটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেকথা সহজেই বলা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *