আজকের দিনেভারত

জ্বালানি সংকটে কি ফের লকডাউন? গুজব উড়িয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন পেট্রোলিয়াম মন্ত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের অস্থিরতার আবহে দেশে জ্বালানি সংকট এবং তার জেরে পুনরায় লকডাউন জারি হওয়া নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, তা সজোরে খণ্ডন করল কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট জানিয়েছেন, লকডাউন নিয়ে ছড়িয়ে পড়া সমস্ত খবর সম্পূর্ণ ভুয়ো। সরকার এই ধরণের কোনো কঠোর পদক্ষেপের কথা ভাবছে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে রটে যায় যে, জ্বালানি সাশ্রয় করতে দেশজুড়ে আবার লকডাউন দেওয়া হতে পারে। এই আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়ায়, যার প্রভাব পড়ে পেট্রোল পাম্পের লম্বা লাইনে। পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী হরদীপ সিং পুরী এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখেন: “লকডাউন লাগু হবে—এমন গুজব অনেক জায়গায় ছড়াচ্ছে। কিন্তু এই তথ্য একেবারে ভিত্তিহীন। ভারত সরকার লকডাউন চালু করার কোনো পরিকল্পনাই করছে না।”

কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান হলো:

 দেশে বর্তমানে অন্তত ৬০ দিনের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।

 হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকা, রাশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে বিকল্প পথে অশোধিত তেল আমদানি জারি রেখেছে ভারত।

 যুদ্ধের আঁচ পাওয়ার আগে থেকেই দেশের শোধনাগারগুলিতে পর্যাপ্ত তেল মজুতের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছিল।

যদিও সরকার সব স্বাভাবিক দাবি করছে, তবুও পরিস্থিতির গুরুত্ব বিচার করে শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকেই মূলত মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব এবং দেশের সম্পদ বণ্টন নিয়ে রণকৌশল ঠিক করা হবে। পেট্রোলিয়াম মন্ত্রীর মতে, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বেই ভারত যেকোনো আন্তর্জাতিক অস্থিরতা সামাল দিতে সক্ষম। সাধারণ মানুষকে লাইনে ভিড় না জমানোর এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *