রামনবমী ও অন্নপূর্ণা পুজোয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: রামনবমী ও অন্নপূর্ণা পুজো উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে পৃথক দুটি বার্তার মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান। একইসঙ্গে রাজ্যে উৎসবের আবহে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মূল্যবোধ বজায় রাখার জন্য সকলের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় রামনবমীর কর্মসূচীগুলি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই কামনাই করেছেন। তিনি লেখেন:“রামনবমীর শুভক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রামনবমী উদযাপন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক— এই কামনা করি। আমি সকলের কাছে শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ উন্নয়নের মূল্যবোধ বজায় রাখার আবেদন জানাচ্ছি।” পাশাপাশি অন্নপূর্ণা পুজো উপলক্ষে দেবীর বন্দনা করে তিনি লেখেন, “তুমি দেবী পরাৎপরা সুখদাত্রী দুঃখহরা, অন্নপূর্ণা অন্নে কর পূর্ণ। সকলকে জানাই অন্নপূর্ণা পুজোর আন্তরিক শুভনন্দন।”
বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা, কলসযাত্রা ও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তবে উৎসবের এই আবহে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। এদিন সকালে নিউটাউনে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ বাধা দিলে আয়োজকদের সঙ্গে বচসা হয়, যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিউটাউনের মতো বিক্ষিপ্ত ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই শান্তির আবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
