মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের পর এবার কমিশনের নজরে ‘দাগি’ পুলিশকর্তারা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: বঙ্গে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই অ্যাকশন মোডে জাতীয় নির্বাচন কমিশন। এপ্রিলের ২৩ এবং ২৯ তারিখ— দুই দফায় রাজ্যে ভোটগ্রহণের কথা জানিয়েছে কমিশন। আর এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক ও পুলিশি স্তরে বড়সড় রদবদল ঘটিয়ে নজিরবিহীন কড়া বার্তা দিল নির্বাচন সদন।
রবিবার রাতেই এক নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নতুন মুখ্যসচিব, নন্দিনী চক্রবর্তীর জায়গায় দায়িত্ব নিচ্ছেন ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালা। নতুন স্বরাষ্ট্রসচি পদে, জগদীশ প্রসাদ মিনার পরিবর্তে হোম ও হিল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছেন ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষ।
কমিশন স্পষ্ট জানিয়েছে, সোমবার দুপুর তিনটের মধ্যেই তাঁদের নতুন দায়িত্বভার গ্রহণ করতে হবে।
প্রশাসনিক রদবদলের পাশাপাশি এবার পুলিশের দিকেও কড়া নজর দিয়েছে কমিশন। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর রাজ্যের যে যে এলাকায় হিংসার ঘটনা ঘটেছিল, সেই সময় সংশ্লিষ্ট থানাগুলোতে কারা ওআইসি ছিলেন, তাঁদের বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার মধ্যেই রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারদের এই ‘দাগি’ আধিকারিকদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতেই হিংসার ঘটনায় অভিযুক্ত বা নিষ্ক্রিয়তার দায়ে বিদ্ধ পুলিশকর্তাদের নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখতে চাইছে কমিশন।
সূত্রের খবর, প্রশাসনিক এই রদবদল কেবল শুরু। আজ বিকেলের মধ্যেই রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার পদেও বদল আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ভোটের আগে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে এই ধরণের ঝটিকা বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
