বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগে পুরোহিত এবং মোয়াজ্জেনদের মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
কিউ ইন্ডিয়া বাংলা :- রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন । তার কয়েক ঘণ্টা আগেই রাজ্যে পুরোহিত এবং মোয়াজ্জেনদের মাসিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করে নিজেই সে কথা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গে পুরোহিত এবং মোয়াজ্জেনরা এতদিন মাসে ১৫০০ টাকা পেতেন। নতুন ঘোষণা অনুযায়ী তা ৫০০ টাকা বৃদ্ধি পেয়ে দুই হাজার হতে চলেছে । ভাতা বৃদ্ধির ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতিটি সম্প্রদায় এবং ঐতিহ্যকে শক্তিশালী করা সরকারের লক্ষ্য । পশ্চিমবঙ্গে প্রায় আট হাজার পুরোহিত মাসিক ভাতা পেয়ে থাকেন । এবং প্রায় কুড়ি হাজার মোয়াজ্জেন মাসিক ভাতা পান। নতুন নির্দেশ কার্যকর হওয়ার পর প্রায় মাসিক ১৪ কোটি টাকা রাজ্য সরকারকে বাড়তি খরচ করতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনো পর্যন্ত যারা এই দুই ভাতার জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন তারাও বর্ধিত হারে ভাতা পাবেন ।
নির্বাচন ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন । যা নিয়ে অনেকে রাজনৈতিক অংক দেখছেন । বিরোধী রাজনৈতিক দলগুলি ভাতা বৃদ্ধি করে তৃণমূলের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ করেছেন।
