Chief Election Commissioner : শহরে এসেই বিক্ষোভের সম্মুখীন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার !
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্য জুড়ে এসআইআর নিয়ে বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি। এখনো ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে সিংহভাগের নথি নিষ্পত্তি করা বাকি। সেই আবহে কলকাতায় এসে পৌঁছলেন দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। বিমানবন্দর থেকে বেরোনোর পরেই মুখ্য নির্বাচন কমিশনারকে বাম কর্মীরা কালো পতাকা দেখান ভিআইপি রোডে হলদিরামের কাছে ।
এরপর রাজারহাট নিউটাউন এলাকায় তৃনমূল কর্মী সমর্থকরা জ্ঞানেশ কুমারকে গো ব্যাক স্লোগান দেন । কেউ কেউ ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন । বিধাননগর কমিশনারেটের পুলিশ তাদের আটকে দেয়।বিক্ষোভ প্রসঙ্গে এলাকার বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন রাজারহাট নিউটাউনে অনেক মানুষের নাম এস আই আরে বাদ গিয়েছে তাই তারা সম্মিলিত ভাবে প্রতিবাদ জানিয়েছেন।
সূত্রের খবর, সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় একাধিক বৈঠক করার কথা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। বৈঠক করবেন শাসকদল তৃণমূল, প্রধান বিরোধী বিজেপি সহ আরো রাজনৈতিক দলের সঙ্গে। প্রসঙ্গত সেখানে তৃণমূলের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন রাজীব কুমার। এই প্রথম শাসকদলের হয়ে কোনও বৈঠকে প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, ওই প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যান্য দলগুলির পক্ষ থেকে কারা থাকবে তা এখনো জানা যায়নি।এছাড়া প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। এসপি, জেলাশাসকদের সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৈঠক হবে বিএলওদের সঙ্গেও। দুইদিন ঠাসা কর্মসূচি রয়েছে জ্ঞানেশ কুমারদের।
বর্তমানে রাজ্যে ৬০ লক্ষ ভোটার বিচারাধীন তালিকায় ছিলেন। যার মধ্যে ৮ লাখের কাছাকাছি নাম নিষ্পত্তি হয়েছে । এখনো বাকি ৫২ লাখের কাছাকাছি। এস আই আর পর্বে অনেক মানুষের আতঙ্কে মৃত্যু হয়েছে। এছাড়া নাম বাদ যাওয়ার আশঙ্কায় রয়েছেন অনেকে। এই আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কী বলেন সেটাই দেখার ।
