এপ্রিল নয় আজ থেকেই লক্ষ্মীলাভ! ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বেকারদের জন্য বড় ঘোষণা মমতার
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ- ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা বাজার আগেই বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের টাকা কবে থেকে পাওয়া যাবে, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। শনিবার ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এপ্রিল নয়— আজ, শনিবার থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের প্রথম কিস্তির টাকা।
রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সুরাহা দিতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি হলো, যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।
প্রাথমিকভাবে আগামী ৫ বছর এই সুবিধা পাওয়া যাবে। এরপরও কেউ বেকার থাকলে, সরকার বিষয়টি রিভিউ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
যদি কেউ রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে থাকেন, তবে তিনি এই প্রকল্পের আওতায় আসবেন না।
”এপ্রিল নয়, আজ শনিবার থেকেই যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে।” — মমতা বন্দ্যোপাধ্যায় (ধর্মতলা ধরনা মঞ্চ থেকে)। পাশাপাশি রান্রানার গ্ন্নাযাসের দাম নিয়েও সুর চরান মুখ্যমন্ত্রী। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মিছিলে নামছেন মুখ্যমন্ত্রী।
এদিন যুবসাথীর উপহার দেওয়ার পাশাপাশি রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আবহে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম একধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ৮৭৯ টাকার গ্যাস এখন সাধারণ মানুষকে কিনতে হবে ৯৩৯ টাকায়। একইসঙ্গে গ্যাস বুকিংয়ের নিয়মেও বদল এনেছে কেন্দ্র। এখন থেকে দুটি সিলিন্ডার বুকিংয়ের মাঝে অন্তত ২১ দিনের ব্যবধান থাকতে হবে, যা আগে ছিল ১৫ দিন।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল, রবিবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মহিলাদের অনুরোধ করেছেন, কালো শাড়ি পরে মিছিলে শামিল হতে। হাতে হাতা ও খুন্তি নিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একদিকে যুবসাথীর মাধ্যমে বেকারদের হাতে টাকা পৌঁছে দেওয়া, আর অন্যদিকে গ্যাসের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে আন্দোলনে নামা— বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কৌশল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
