আজকের দিনেবাংলার আয়না

স্ত্রীর সঙ্গে অশান্তি, যুবকের অস্বাভাবিক মৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- স্ত্রীর সঙ্গে সংসারের অশান্তিই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল ২৮ বছরের এক যুবকের। এমনটাই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরাজ মাঝির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় গভীর শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে। পেশায় তিনি হালিশহর জুট মিলে শ্রমিক ছিলেন এবং পরিবার নিয়ে সেখানেই থাকতেন। স্থানীয়দের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতো, যা অনেক সময় বড় আকারও নিত।

রবিবার রাতেও দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। পরিবারের সদস্যরা কোনওমতে পরিস্থিতি সামাল দিলেও সোমবার সকালবেলাতেও আবার অশান্তি শুরু হয় বলে প্রতিবেশীদের দাবি। এরপর হঠাৎই বাড়ির একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন সুরাজ। কিছুক্ষণ পর পরিবারের লোকজন দরজা খুলে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দাম্পত্য কলহের জেরেই এই চরম সিদ্ধান্ত। তবে ঠিক কী নিয়ে অশান্তি হচ্ছিল, তা এখনও পরিষ্কার নয়। স্বামী-স্ত্রীর সম্পর্কে তৃতীয় কোনও ব্যক্তির ভূমিকা ছিল কিনা, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট এলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। হঠাৎ এই ঘটনায় পরিবার ভেঙে পড়েছে, আর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *