আজকের দিনেখেলা

প্রয়াত বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- প্রয়াত বাংলার খেলার জগতের অন্যতম সংগঠক গোপীনাথ ঘোষ । বয়সজনিত কারণে গতকাল ১১ ই ফেব্রুয়ারি বুধবার রাত ১০ টা ৪৫ মিনিটে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর ।

গোপীনাথ ঘোষ মোহনবাগানের হয়ে হকি খেলতেন। গোলরক্ষকের ভূমিকা পালন করতেন তিনি। কলকাতা কাস্টমস এবং উয়াড়িতে ক্লাবেও খেলেছেন। বাংলার টেবিল টেনিস প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে ছিলেন। রাজ্য হকির প্রশাসনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। ধারাভাষ্যকার হিসাবেও কাজ করেছেন। হকি, ফুটবল এবং টেবিল টেনিসেও তিনি ধারাভাষ্যকার হিসাবে কাজ করেছিলেন। ১৯৭৫ সালে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯৮৭ সালের সাফ গেমসের অন্যতম আয়োজক ছিলেন গোপীনাথ ঘোষ। আটের দশকে রাশিয়ার মস্কোয় গুড উইল সফরে তিনি ভারতের প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন। তিনি অধ্যাপক হিসাবেও কাজ করেছেন দীর্ঘদিন। যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনেকশন বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।

রাজ্য টেবল টেনিসেও তার অবদান অনস্বীকার্য। ১৯৮০-৯০ এর সময়ে রাজ্য টেবিল টেনিসের পরিচালনায় গোপীনাথ ঘোষ এবং রবি চক্রবর্তীর জুটির কথা সর্বজনবিদিত । তাঁর সময় কালে গণেশ কুণ্ডু, অরূপ বসাক, কিশলয় বসাক, নুপুর সাঁতরা, মান্তু ঘোষ, অনিন্দিতা চক্রবর্তী, পৌলমী ঘটক, মৌমা দাস’রা উঠে আসেন । বাংলার টেবিল টেনিসকে দেশের মধ্যে শীর্ষে নিয়ে যাওয়ার নেপথ্যে গোপীনাথের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
কলকাতার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন তিনি । বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুককারক সংস্থার মালিক দ্বারিকনাথ ঘোষের নাতি ছিলেন তিনি । এনাদের মিষ্টি সংস্থার জন্য বিজ্ঞাপনের লাইন রচনা করে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর । সেই পারিবারিক ব্যবস্যার সঙ্গে কবিগুরুর যোগ থাকা নিয়ে গর্বও ছিল গোপীনাথ ঘোষের ।
গত ৮ ই ফেব্রুয়ারি রবিবার কলকাতায় ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালেও উপস্থিত ছিলেন, সেখানেই অসুস্থ হয়ে পড়েছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল। গতকাল রাতে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোকস্তব্ধ ময়দান। শোকবার্তায় বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্ত বলেছেন, “একজন দক্ষ প্রশাসক, একজন স্নেহশীল মানুষ-আজ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেলেন । ভালো থাকবেন গোপীনাথ ঘোষ (আমাদের সবার প্রিয় গুপী জেঠু) । আপনার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়, কিন্তু আপনার স্মৃতি ও আদর্শ আমাদের পথ দেখাবে চিরকাল । শ্রদ্ধাঞ্জলি ও গভীর সমবেদনা ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *