বিধায়কের বিরুদ্ধে মারধরের অভিযোগ, উত্তাল করিমপুর
কিউ ইন্ডিয়া বাংলা :- উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার করিমপুরে। অভিযোগের তির করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়ের দিকে। ঘটনার প্রতিবাদে রবিবার রাতে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা। যদিও গোটা ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন বিধায়ক। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
ঘটনাটি ঘটে রবিবার রাতে মুরুটিয়া থানার অন্তর্গত বালিয়াডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় প্রাইভেট টিউশন শেষ করে বাড়ি ফিরছিলেন দ্বাদশ শ্রেণির একাধিক ছাত্রছাত্রী। সেই সময় দলীয় কর্মসূচি সেরে নিজের বাড়ি ফিরছিলেন বিধায়ক বিমলেন্দু সিংহরায়।
অভিযোগ, বিধায়কের গাড়ি হর্ন বাজালেও ছাত্রছাত্রীরা সঙ্গে সঙ্গে পথ ছাড়েনি। এই নিয়েই প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এরপর গাড়ি থেকে নেমে বিধায়ক ছাত্রছাত্রীদের উপর চড়াও হন এবং তাঁদের গায়ে হাত তোলেন বলেও অভিযোগ ওঠে।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষ। রাতেই বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুরুটিয়া থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ।
বিক্ষোভে অংশ নিয়ে ছাত্রছাত্রীরা দাবি করেন, বিধায়ককে বাড়ির মধ্যে না থেকে বাইরে এসে সকলের সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
অভিযোগ প্রসঙ্গে বিধায়ক বিমলেন্দু সিংহরায় বলেন, “আমি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম। সেই সময় এলাকার কিছু বিজেপি নেতা আমাকে হেয় করার চেষ্টা করে। আমি কোনও অন্যায় করিনি। এই ঘৃণ্য ঘটনার সঙ্গে আমি কোনওভাবেই যুক্ত নই। বিজেপি নানা ভাবে আমাকে হেনস্তা করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি।”
অন্যদিকে বিধায়কের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, নিজের দোষ ঢাকতেই বিজেপির উপর দায় চাপাচ্ছেন বিধায়ক। বিজেপির মতে, ঘটনার সত্যতা ছাত্রছাত্রী ও গ্রামবাসীরাই জানেন এবং সাধারণ মানুষই সঠিক সময়ে এই ঘটনার জবাব দেবেন।
