Agnimitra Paul : বিধায়িকা অগ্নিমিত্রার মন্তব্যে স্বাধিকার ভঙ্গের নোটিশ, প্রতিবাদে ওয়াক আউট বিজেপি বিধায়কদের……
কিউ ইন্ডিয়া বাংলা : সামনেই বিধানসভা নির্বাচন । তার আগে আজ শনিবার চলতি বিধানসভা অধিবেশনের শেষ দিন । আর শেষ দিনেও শাসক-বিরোধী তরজায় উত্তাল হয়ে উঠল সভা কক্ষ । আসানসোল দক্ষিণের বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পালের সংখ্যালঘু বিষয়ক মন্তব্যের প্রেক্ষিতে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে তৃণমূল কংগ্রেস । তারপরেই তীব্র প্রতিবাদ শুরু করেন বিজেপি বিধায়করা, তারপরেই বিধানসভা কক্ষ থেকে ওয়াকআউট করেন তারা ।
গতকাল ৬ই ফেব্রুয়ারি অগ্নিমিত্রা পাল বলেছিলেন ” এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে । মাদ্রাসা শিক্ষায় বাজেট বাড়িয়ে দিয়েছে । মাদ্রাসায় পড়ার পরেও কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না কেন ? কেউ কেউ কেন ক্রিমিনাল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে ? সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষায় অন্তর্বর্তীকালীন বাজেটে ১০% বরাদ্দ বেড়েছে । সেই বরাদ্দ বৃদ্ধি শিক্ষার জন্য না অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য ? রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য এইসব করা হচ্ছে।”
গতকাল অগ্নিমিত্র পালের এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেছিলেন ” সংখ্যালঘুরা ক্রিমিনাল নয় । স্বাধীনতা আন্দোলনে আমরাও প্রাণ দিয়েছি অথচ আপনারা আমাদের ঘৃণা করেন । এপিজে আবদুল কালাম, কাজী নজরুল ইসলাম এরা কি ক্রিমিনাল ছিলেন ? মুসলমানরা অপরাধী নয়, আপনাদের লজ্জা হওয়া উচিত । ভারত সকলের দেশ কোন একটি সম্প্রদায়ের একার নয় ” ।
অগ্নিমিত্রা পালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনে তৃণমূল কংগ্রেস । স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকার বিরুদ্ধে কড়া মন্তব্য করেন । তিনি বলেন ” এই দেশের সংবিধান বলে ঐক্যের কথা । সর্বধর্ম সমন্বয়ের কথাও বলা আছে । কোন নির্দিষ্ট সম্প্রদায়কে এইভাবে নিশানা করা যায় না ” । এই প্রস্তাব আনার পরে বিধানসভা কক্ষের মধ্যে প্রতিবাদ শুরু করেন বিজেপি বিধায়করা । করে তারা বিধানসভা কক্ষ থেকে ওয়াকআউট করে ।
