Shashi Panja-SIR – শুনানিতে তলব রাজ্যের মন্ত্রী শশী পাঁজা !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে এবার ডাক পেলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শশী পাঁজা। আজ, রবিবার দুপুর ২টোয় তাঁকে কেশব অ্যাকাডেমিতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় শশী পাঁজার নাম ছিল। ইনিউমারেশন ফর্মে প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা দিয়েছেন তিনি। তবে তাঁর দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নয়, বরং অ্যাপ ও সফটওয়্যারের ত্রুটির জেরেই ২০০২ সালের তালিকায় তাঁর নাম দেখা যাচ্ছে না।
শশী পাঁজা জানিয়েছেন, তিনি ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কমিশন তাড়াহুড়ো করে কাজ করায় বিএলওদের ব্যবহৃত অ্যাপ ও সফটওয়্যারে একাধিক গলদ থেকে যাচ্ছে বলে তাঁর অভিযোগ। যদিও বাস্তবে ২০০২ সালের তালিকায় তাঁর নাম রয়েছে, কিন্তু অ্যাপে তা প্রতিফলিত হয়নি।
এই প্রসঙ্গে শশী পাঁজা বলেন, “এটা আশ্চর্যজনক। আমি অবাক হয়েছি। আমার যখন ডাক পড়েছে, সাধারণ মানুষের তো আরও কী অবস্থা হচ্ছে, ভাবতেই ভয় লাগছে। এটা হাস্যকর।”
শুনানিতে ডাক পেয়েছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতা ও মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনিও শুনানিতে হাজিরা দিতে চলেছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, “ভারতীয়ত্ব প্রমাণের ডাক এলো শেষমেষ!”
এছাড়াও ডাক পেয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। ইনিউমারেশন পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এখন চলছে শুনানি পর্ব। লজিক্যাল ডিসক্রিপেন্সি, ম্যাপিং সংক্রান্ত সমস্যা সহ একাধিক কারণে বহু ভোটারকে তলব করা হচ্ছে।
এর আগেও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, অভিনেতা দেব-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে শুনানিতে ডাকা হয়েছে।
ভোটার তালিকা সংশোধন ঘিরে কমিশনের ভূমিকা ও প্রযুক্তিগত ত্রুটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে পরিচিত মুখদের তলব ঘিরে বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
