Tiger Shroff Targeted : ভরসন্ধ্যায় টাইগার শ্রফকে টার্গেট! মুম্বইয়ে গাড়িতে ৫ রাউন্ড গুলি, আতঙ্ক বলিউডে !
কিউ ইন্ডিয়া বাংলা, মুম্বাই:- ভরসন্ধ্যায় মুম্বইয়ের পুষ্পা পার্কের কাছে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবৃষ্টি। অভিনেতার গাড়ি লক্ষ্য করে কমপক্ষে ৫ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। এই ঘটনায় বলিউডে চাঞ্চল্য ছড়িয়েছে।(Tiger Shroff Targeted)
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় খেলতে গিয়েছিলেন টাইগার। সন্ধ্যা ৭টা নাগাদ ফেরার পথে পুষ্পা পার্কের কাছে তাঁর গাড়িকে টার্গেট করে বাইকে আসা দুষ্কৃতীরা। কমপক্ষে ৫ রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে।
গুলিতে জখম হয়েছেন অভিনেতার গাড়ির চালক এবং এক রিকশাচালক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মুম্বই পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন টাইগার শ্রফ, তিনি সুস্থ রয়েছেন।(Tiger Shroff Targeted)
ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করে পোস্ট করে বিষ্ণোই গ্যাং। কী কারণে টাইগারকে নিশানা করা হল, মোটা টাকা দাবি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে।
উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাং ভারতের অন্যতম কুখ্যাত অপরাধী চক্র। গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোই ওরফে বলকরণ ব্রার বর্তমানে জেলবন্দি থাকলেও, জেল থেকেই অপরাধমূলক কাজকর্ম চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে সলমন খানের বাড়ি ও সম্প্রতি পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়েছে এই গ্যাংয়ের। এবার সেই তালিকায় জুড়ল টাইগার শ্রফের নাম।(Tiger Shroff Targeted)
