আজকের দিনেবাংলার আয়না

MAO LEADER: মাথার দাম ১ কোটি! ৪০ বছরের জঙ্গল-যুদ্ধ শেষে বাংলাতেই STF-এর জালে শীর্ষ মাও নেতা আকাশ

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- চার দশকের জঙ্গল যুদ্ধের অবসান। বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা পুলিশের ত্রাস (MAO LEADER), ১ কোটি টাকা মাথার দাম থাকা সিপিআই (মাওবাদী)-র শেষ সক্রিয় রাজ্য সম্পাদক অসীম মণ্ডল ওরফে আকাশ অবশেষে গ্রেপ্তার । বৃহস্পতিবার ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের STF।

পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ফুলচকের বাসিন্দা অসীম মণ্ডল(MAO LEADER) ৮০-র দশকে ছাত্রজীবন থেকেই অতি বামপন্থী কার্যকলাপে যুক্ত হন। পরে পিপলস ওয়ার গ্রুপ (PWG)-এ যোগ দেন। সারেঙ্গা, গোয়ালতোড় এবং ঝাড়খণ্ডের গুড়াবান্দায় দীর্ঘদিন সংগঠনের কাজ করেন। ২০০৪ সালে CPI (Maoist) গঠনের পর জঙ্গলমহলে ফিরে আসেন এবং লালগড় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ২০১০ সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হন (MAO LEADER)। পাশাপাশি বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা রিজিওনাল কমিটিরও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

কিষানজির মৃত্যুর পর সংগঠন দুর্বল হয়ে পড়ে। জঙ্গলমহল ছেড়ে ঝাড়খণ্ডে গা ঢাকা দেন আকাশ। গত ৪ আগস্ট তাঁর তিন সঙ্গী ঝাড়খণ্ড পুলিশের হাতে ধরা পড়েন, একজন আত্মসমর্পণ করেন। এরপর নিজের হাতেই বঙ্গ ব্রিগেডের সামরিক বাহিনী ভেঙে দেন আকাশ। ৬৪ বছরের অসীম উচ্চ রক্তচাপ ও কোমরের ব্যথায় ভুগছিলেন। ১৩-১৪ আগস্ট জঙ্গলে AK-47 সহ নথিপত্র ফেলে গাড়িতে করে বেরিয়ে যান।

তাঁর সঙ্গী শচিন, মিতা, জবারা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেও জানিয়েছিলেন, আকাশ আত্মসমর্পণ করবেন না। পরিকল্পনা ছিল পরিস্থিতি স্বাভাবিক হলে ফের জঙ্গলমহলে ফেরার। তাঁর দেহরক্ষী মঙ্গল ও স্ত্রী মালতী এখনও জঙ্গলেই রয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, আটকের সময় তাঁর কাছে নগদ দেড় লাখ টাকা, দুটি ব্যাগ ভর্তি মাও পুস্তক-পুস্তিকা ও বৈদ্যুতিন সরঞ্জাম উদ্ধার হয়েছে।

আকাশের গ্রেপ্তারি নিঃসন্দেহে বাংলা পুলিশের বড় সাফল্য। এর ফলে বাংলায় মাওবাদী সংগঠনের শেষ সক্রিয় শীর্ষ নেতৃত্বও শেষ হল বলে মনে করছে নিরাপত্তা মহল। যদিও এখনও পর্যন্ত রাজ্য পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *