ABHISHEK BANARJEE : ক্যামাক স্ট্রিট কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা অভিষেকের, বাইরে কর্মী-সমর্থকদের ভিড়
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে বেআইনি বিলবোর্ড খোলা নিয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANARJEE ) । মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি ১২টা ১৭ মিনিট নাগাদ থানায় পৌঁছন।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার ২৭ আগস্ট। পুরসভা ও কলকাতা পুলিশের একটি দল গ্যাসকাটার নিয়ে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বেআইনি বিলবোর্ড খুলতে যায়। অভিষেকের দাবি (ABHISHEK BANARJEE ) , অর্ডার কপি দেখাতে পারেননি পুরকর্মীরা। তা নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপরই সরকারি কাজে বাধাদান সহ জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করে পুলিশ।
এই মামলাতেই মঙ্গলবার অভিষেককে (ABHISHEK BANARJEE ) তলব করা হয়। এদিন তিনি একা গাড়িতে থানায় এলেও বৃষ্টি মাথায় নিয়ে থানার সামনে ভিড় জমান শতাধিক কর্মী-সমর্থক। ‘আমার নেতা তোমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়’ স্লোগানে মুখরিত হয় চত্বর। সমর্থকরা জানান, দাদা যতক্ষণ ভিতরে থাকবেন, তাঁরাও বাইরে অপেক্ষা করবেন। এই মামলায় বৈশ্বানর চট্টোপাধ্যায়, হুমায়ুন কবীর, ডেরেক ও’ব্রায়েন এবং অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কেও নোটিস দিয়েছে পুলিশ।
অভিষেকের এই হাজিরাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়লেও তৃণমূলের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
