NARENDRA MODI : বিপর্যস্ত নেপাল, পাশে ভারত, শোকপ্রকাশ করে সাহায্যের আশ্বাস মোদির
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- হিমালয়ের কোলে ভয়াবহ দুর্যোগ। মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত নেপাল। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ ১০৫ জন ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী। এই পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ফোন করে শোকপ্রকাশ ও সবরকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (NARENDRA MODI) ।
সূত্রের খবর, বিপর্যয়ের সূত্রপাত চিনের তিব্বতে। সেখান থেকে বন্যার জল প্রবেশ করে নেপালের রসুয়া জেলায়। কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিমি দূরে ভোটেকোশী নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায়। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, যানবাহন ও একটি সেতু। ক্ষতিগ্রস্ত তিমুর ও স্যাফ্রুবেসি এলাকা।
নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে এই বন্যা নয়। হিমবাহের জলাধার ভেঙে ‘গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড’ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, ৩৮৪ জন পর্যটক নিখোঁজ, যার মধ্যে ২৯১ জন বিদেশি। বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয়। এছাড়া নেপাল পুলিশের ২৬ জন আধিকারিক ও আধাসেনার ৭ জওয়ান নিখোঁজ।
এক্স হ্যান্ডেলে মোদি (NARENDRA MODI) লিখেছেন, “প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে কথা বলেছি। এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে। সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত।” (NARENDRA MODI )
ত্রিশূলী নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেপাল প্রশাসন। বিপর্যয় মোকাবিলায় নেমেছে দুর্যোগ ব্যবস্থাপনা দল, চিকিৎসক দল, স্কাউট ও রেড ক্রস। ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হচ্ছে অতিরিক্ত অ্যাম্বুল্যান্স ও চিকিৎসাকর্মী।
