আজকের দিনেবিশ্ব

NEPAL FLOOD : হড়পা বানে ভয়াবহ বিপর্যয় নেপালে, জলের তলায় গ্রাম-সেতু, নিখোঁজ ৯

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- তিব্বত থেকে ধেয়ে আসা হড়পা বানে তছনছ নেপাল (NEPAL FLOOD) । বুধবার সকাল ৯টা নাগাদ ভোটেকোশী নদীর জলস্তর ভয়ংকরভাবে বেড়ে গিয়ে ভেসে গেল রসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা। জলের নিচে গ্রামের পর গ্রাম, ভেসে গিয়েছে বহু বাড়ি-ঘর, সেতু ও যানবাহন। এখনও পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার, নিখোঁজ ৯ পুলিশকর্মী-সহ বহু।

জানা যাচ্ছে, এই বিপর্যয়ের সূত্রপাত তিব্বতে (NEPAL FLOOD) । আকস্মিক বন্যার জেরে রীতিমতো ধ্বংসযজ্ঞ চলে রসুয়া জেলায়। ঘটনার সময় তিমুর সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বহু পুলিশকর্মী এই হড়পা বানের কবলে পড়েন। আধিকারিকদের মতে, ঘটনার পর সীমান্ত চৌকি থেকে ২৫-৩০ জনকে উদ্ধার করা হলেও ৯ জনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

প্রবল জলের তোড়ে তিমুর ও স্যাফ্রুবেসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে (NEPAL FLOOD)। একটি সেতুও ভেসে গিয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে উদ্ধারকাজে নামানো হয়েছে হেলিকপ্টার। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুগলিন এলাকা-সহ ত্রিশূলী নদীর তীরবর্তী বাসিন্দাদের সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ রসুয়ার বন্যা (NEPAL FLOOD) কবলিত এলাকায় উদ্ধারকাজ শুরু করতে সেনাবাহিনী, পুলিশ ও উদ্ধারকারী দলকে নির্দেশ দিয়েছেন। অন্যান্য জেলা থেকেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী পাঠানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা, চিকিৎসক দল, স্কাউট, রেড ক্রস এই বিপর্যয় মোকাবিলায় নেমে পড়েছে।

উল্লেখ্য, ভোটেকোশী নদী তিব্বত থেকে উৎপন্ন হয়ে নেপালে প্রবেশ করেছে। এখানে সুনকোশী নদীর সঙ্গে মিলিত হয়ে সপ্তকোশী নদীতে পরিণত হয়ে ভারতের বিহারে প্রবেশ করেছে। গত বছরও এই নদীতে বন্যার জেরে ৯ জনের মৃত্যু ও ২৪ জন নিখোঁজ হয়েছিলেন, ভেসে গিয়েছিল নেপাল ও চিনের সংযোগকারী মৈত্রী সেতু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *