আজকের দিনেখেলাবিশ্ব

Cricket : দেড়দিনেই খাঁচায় বাঘ ! স্টার্কের কোপে অজিদের বিরুদ্ধে মহালজ্জার টেস্ট হার বাংলাদেশের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রকাণ্ড ঘটনা ঘটিয়েছিল বাংলাদেশ। তার বদলা যে ভয়ঙ্করভাবে আসবে জানাই ছিল। দ্বিতীয় টেস্টে সেই প্রতিঘাত আর সামলাতে পারল না টাইগাররা। মিচেল স্টার্কের আগুন পেসে পুড়ে ছারখার বাংলাদেশ।(Cricket)

ম্যাকেতে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তরতাজা অজি পিচ, সকালের শিশির, হাতে নতুন বল নিয়ে স্টার্ক। এই তিনের মিশেলে যে বিভীষিকা তৈরি হল, তা সামলানোর ক্ষমতা ছিল না লিটন, শান্ত, মুশফিকদের।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ৪২ মিনিটে ৬৪ রানে অলআউট। স্টার্কের গতি, বাউন্স আর সুইংয়ের সামনে দাঁড়াতেই পারেননি কেউ। একমাত্র শরিফুলের ৭ উইকেটে অস্ট্রেলিয়া ২১০ রানে থামে ঠিকই, কিন্তু তাতেও ১৪৬ রানের বিশাল লিড পেয়ে যায় অজিরা।(Cricket)

অনেকে ভেবেছিলেন দ্বিতীয় ইনিংসে অন্তত ইনিংস হারের লজ্জা বাঁচাবে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসের ছবিটা আরও করুণ। এবারও স্টার্ক-কামিন্স জুটির দাপট। স্টার্ক ৪ উইকেট, কামিন্স ৩ উইকেট। মাত্র ৯৫ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ৩ জন ব্যাটার শূন্য রানে আউট, ৮ জন আউট হলেন সিঙ্গল ডিজিটে। দুই ইনিংস মিলিয়ে মোট ১৫৯ রান করল টাইগাররা।

ম্যাচের সেরা নিঃসন্দেহে স্টার্ক, একাই নিলেন ১০ উইকেট। বাংলাদেশের হয়ে শরিফুল ৭ উইকেট নিয়ে একা লড়লেন, কিন্তু সেই লড়াই জলে গেল ব্যাটারদের ব্যর্থতায়। মাত্র দেড়দিনে শেষ হয়ে গেল টেস্ট ম্যাচ।(Cricket)

এই প্রথম টেস্টের দুই ইনিংসেই ১০০-র নিচে অলআউট হল বাংলাদেশ, আর এই প্রথম দু’দিন শেষ হওয়ার আগেই টেস্ট হারল টাইগাররা। তবু অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *