SONIA GANDHI : দারিদ্র্য থেকে ক্ষমতার শীর্ষে – নভেম্বরে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক :- ইটালির ছোট গ্রাম থেকে ভারতের ক্ষমতার অলিন্দে (SONIA GANDHI) । যুদ্ধবিধ্বস্ত শৈশব, রাজীব গান্ধীর সঙ্গে প্রেম, নেহরু-গান্ধী পরিবারে প্রবেশ এবং কংগ্রেসের রাশ প্রায় দু’দশক নিজের হাতে রাখা। ব্যক্তিগত জীবনের সব রহস্য এবার নিজেই ফাঁস করছেন সোনিয়া গান্ধী। আগামী ১০ নভেম্বর আমেরিকায় প্রকাশিত হবে তাঁর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’।
পেঙ্গুইন র্যান্ডম হাউসের আলফ্রেড এ. নফ প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করবে। ভারতে প্রকাশের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে প্রথম দফায় ১ লক্ষ কপি ছাপা হবে। সঙ্গে আসবে অডিও সংস্করণও।
বইতে উঠে আসছে সোনিয়ার জীবনের নানা অজানা অধ্যায়।
– শৈশব ও প্রেম: যুদ্ধবিধ্বস্ত ইটালির ছোট শহরে বেড়ে ওঠা। লন্ডনের কেমব্রিজে রাজীব গান্ধীর সঙ্গে আলাপ, প্রেম এবং বিয়ে (SONIA GANDHI)।
– রাজনীতিতে প্রবেশ: ১৯৮৪ সালে শাশুড়ি ইন্দিরা গান্ধী এবং ১৯৯১ সালে স্বামী রাজীব গান্ধীর হত্যার পর কীভাবে বাধ্য হয়ে রাজনীতির কেন্দ্রে আসেন তিনি।
– ক্ষমতার সিদ্ধান্ত: ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কেন ফিরিয়ে দিলেন (SONIA GANDHI), তার বিস্তারিত ব্যাখ্যা থাকছে বইয়ে। পাশাপাশি কংগ্রেসের মতো ঐতিহাসিক দলের নেতৃত্ব প্রায় ২০ বছর ধরে কীভাবে সামলেছেন, সেই কৌশলও উঠে আসবে।
বই সম্পর্কে সোনিয়া (SONIA GANDHI) নিজে বলেছেন, “হৃদয়ভঙ্গ এবং ব্যক্তিগত ক্ষতির মধ্যেই আমাকে রাজনীতিতে ঠেলে দেওয়া হয়। এতদিন ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছি। এই বই লেখা সহজ ছিল না। মনের গভীরে লুকিয়ে রাখা সব রহস্য প্রকাশ্যে আনা।”
‘ইটালিয়ান বধূ’ থেকে ভারতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ হয়ে ওঠার গল্প এবার সোনিয়ার কলমেই। প্রেম, ক্ষতি, ক্ষমতা এবং ত্যাগ – সব মিলিয়ে এই স্মৃতিকথা আগামী দিনে দেশের রাজনীতি এবং নেহরু-গান্ধী পরিবার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
