GALL TEST: পারলো না শ্রীলঙ্কা, সুথারের ঘূর্ণিতে কুপোকাত ডি সিলভারা, সহজ জয় ভারতের
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- গলের মাটিতে প্রথম টেস্টে শুরু থেকেই দাপট দেখালো ভারত (GALL TEST)। টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৬২ রানের পাহাড় গড়ার পর মানব সুথারের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হলো শ্রীলঙ্কা। ২ ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচের নায়ক সুথার। ১৬৫ রানের বড় ব্যবধানে জিতে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
গলে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত (GALL TEST)। ব্যাট হাতে ঝলসে ওঠেন দেবদত্ত পাল্লিকাল। ২৩০ বলে ১৬৭ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। চোট নিয়েও লড়াই করেন কেএল রাহুল। ১৭৫ বলে ৮২ রান আসে তার ব্যাট থেকে। শেষের দিকে ধ্রুব জোরেলের ৫১ রানের সুবাদে ভারত প্রথম ইনিংসে ১১৬.৪ ওভারে ৪৬২ রানে অলআউট হয়।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা (GALL TEST)। নিজের দ্বিতীয় টেস্ট সিরিজে আলো কাড়েন মানব সুথার। প্রথম ইনিংসে ৪ উইকেট নেন তিনি। সঙ্গে রবীন্দ্র জাদেজার ৩ উইকেট। ৭৯.৪ ওভারে ২৮৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা।
দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংটা অতটা জমেনি (GALL TEST)। ১৯৩ রানেই অলআউট হয় টিম ইন্ডিয়া। তবে ঋষভ পান্তের ৬৯ বলে ৬৬ এবং পাল্লিকালের ৪৪ রান দলকে ভরসা দেয়। শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭২ রান।
চতুর্থ দিনের শেষে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। পঞ্চম দিনে অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ১৫১ বলে ৫৯ এবং সোনাল দিনুশা ১২৮ বলে ৮৪ রানের লড়াকু ইনিংস খেললেও বাকিরা সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ২০৬ রানেই শেষ হয় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস (GALL TEST)। দ্বিতীয় ইনিংসে আরও ৬ উইকেট নিয়ে ম্যাচে মোট ১০ উইকেট শিকার করেন মানব সুথার। তার ঘূর্ণিতেই ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং।
গল টেস্টে ব্যাট-বল দুই বিভাগেই শ্রীলঙ্কাকে একেবারে কোণঠাসা করে দিল ভারত। অভিষেকেই ১০ উইকেট নিয়ে নজর কাড়লেন মানব সুথার। এই জয়ের ফলে ২ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। পরের ম্যাচে সিরিজ পকেটে পুরতে মরিয়া শুভমন গিলের দল।
