SL VS IND : কপিলকে ছুঁয়ে জাদেজার নজির, তবু বৃষ্টিই কি শ্রীলঙ্কায় প্রথম টেস্টে জয়ের কাঁটা?
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের দোরগোড়ায় ভারত (SL VS IND)। প্রথম ইনিংসে ১৭৮ রানের বড় লিড। রবীন্দ্র জাদেজা গড়লেন ঐতিহাসিক নজির। কিন্তু তৃতীয় দিনের শেষে সব হিসেব গুলিয়ে দিল বৃষ্টি। হাতে দু’দিন থাকলেও WTC ফাইনালের স্বপ্ন ভেসে যাওয়ার আশঙ্কা।
তৃতীয় দিনের শুরুতে মাত্র ২ রান যোগ করেই ৪৬২ রানে অলআউট হয় ভারত। (SL VS IND) দেবদত্ত পাড়িক্কলের ১৬৭, কেএল রাহুলের ৮২ এবং ধ্রুব জুরেলের ৬৮ বলে ৫১ রানের ইনিংস ভরসা দেয় টিম ইন্ডিয়াকে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজের পর মানব সুথারের ঘূর্ণিতে নিয়মিত উইকেট পড়তে থাকে। (SL VS IND) ৭৬ রানে ৪ উইকেট নেন মানব। তবে লাঞ্চের পর সোনাল দিনুষা ও নিরোশান ডিকওয়েল্লা ম্যাচে ফেরান লঙ্কানদের। দিনুষা করেন ১৬৮ বলে সেঞ্চুরি, নিরোশান ৮০ রান। টি-ব্রেকের পর প্রসিদ্ধ কৃষ্ণ জুটি ভাঙতেই ২৩৬/৬ থেকে ২৮৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
এই ইনিংসেই নজির গড়েন রবীন্দ্র জাদেজা। ৫৭ রানে ৩ উইকেট নিয়ে তিনি পৌঁছে যান টেস্টে ৩৫০ উইকেটে। সঙ্গে ৪০০০ রানও আছে তাঁর। কপিল দেব, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন ও হরভজন সিংয়ের পর পঞ্চম ভারতীয় হিসেবে এই ‘ডাবল’ করলেন জাড্ডু। (SL VS IND)
কিন্তু তৃতীয় দিনের শেষবেলায় নেমে আসে বৃষ্টি। আর ব্যাট করতে নামতে পারেনি ভারত। ২ দিন বাকি, লিড ১৭৮ রান। তবুও আকাশের অবস্থা চিন্তা বাড়াচ্ছে।
মাঠের লড়াইয়ে ভারত এগিয়ে। জাদেজার নজির, মানবের স্পিন, পাড়িক্কলের সেঞ্চুরি সবই টেস্ট জয়ের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু গলের আবহাওয়া যদি সঙ্গ না দেয়, তাহলে এই জয় এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দুটোই ধাক্কা খাবে। এখন চোখ আকাশের দিকে।
