HARBHAJAN SINGH : “বয়স নয়, পারফরম্যান্স বিচার করুন” – মেসির উদাহরণ টেনে রো-কোর পাশে দাঁড়ালেন হরভজন
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ৩৯ বছর বয়সেও বিশ্বকাপ দাপিয়ে খেলেছেন লিওনেল মেসি। আর এখানেই প্রশ্ন তুললেন হরভজন সিং (HARBHAJAN SINGH )। ফুটবলের রাজাকে নিয়ে কেউ প্রশ্ন তোলে না, তাহলে ক্রিকেটের বিরাট-রোহিতকে নিয়ে কেন এত সংশয়? আগামী ২০২৭ বিশ্বকাপের দলে রো-কোর জায়গা হবে কিনা সেই বিতর্কের মাঝেই ভাজ্জির সাফ কথা – বয়স নয়, বিচার হোক স্কিলের।
সম্প্রতি একটি পডকাস্টে হরভজন সিং(HARBHAJAN SINGH )বলেন, “খেলোয়াড় যেই হোন না কেন, তার পারফরম্যান্স যাচাই করা উচিত, বয়স নয়। বিরাটের ৩৯ বছর বয়স হতে পারে কিন্তু মাঠে নেমে ২০ বছরের তরুণদের হারিয়ে দেয়। মেসিকেই দেখুন না, ৩৯ বছর বয়স হলেও পাঁচজন মিলে ওকে আটকাতে পারে না। কোনও খেলোয়াড়ের যদি সেই ফিটনেস এবং দক্ষতা থাকে তাহলে বুঝতে হবে বয়স নয়, বিচার হওয়া উচিত স্কিলের নিরিখে।”
জোড়া বিশ্বকাপজয়ী স্পিনার আরও বলেন, “ফিটনেসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কিন্তু শেষ কথা বলবে পারফরম্যান্স। স্রেফ পারফরম্যান্সের ভিত্তিতেই দলে জায়গা পাওয়া উচিত। তাই বিরাট এবং রোহিত যদি রান পায়, শ্রেয়স আইয়ার বা যশস্বী জয়সওয়ালের মতো ফিট থাকতে পারে, তাহলে তো এত প্রশ্ন ওঠার কোনও কারণ নেই।”
নাম না করে গৌতম গম্ভীরকে উদ্দেশ্য করে ভাজ্জির সংযোজন, বিরাট-রোহিতের ৩০০ ম্যাচের অভিজ্ঞতা আছে। বিশ্বকাপের মতো মঞ্চে এই অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত।
ক্রিকেটমহলের একাংশ মনে করছে দুই মহাতারকার এবার অবসর নেওয়া উচিত। তবে ভাজ্জির মতে সিদ্ধান্তটা রো-কোর নিজেদেরই নেওয়া উচিত। “প্রত্যেক খেলোয়াড়ই একটা সময়ে উপলব্ধি করতে পারেন, কোন সময়ে সরে দাঁড়াতে হবে।”
উল্লেখ্য, টি-২০ এবং টেস্ট থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন বিরাট এবং রোহিত। এখন তাঁরা শুধু ওয়ানডে খেলেন। ক্রিকেটপ্রেমীদের ধারণা, ২০২৭ বিশ্বকাপ জেতার স্বপ্নটুকু আঁকড়েই এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন দুজন।
মেসি ৩৯-এ এসে বিশ্বকাপ জেতাতে পারেন, তাহলে বিরাট-রোহিত কেন নয়? হরভজনের এই যুক্তি এখন ক্রিকেটমহলে জোরালো। ফিটনেস আর ফর্ম থাকলে বয়স শুধু একটা সংখ্যা। ২০২৭ বিশ্বকাপে রো-কোকে দেখা যাবে কিনা, সেই উত্তরটা সময়ই দেবে। তবে ভাজ্জির বার্তা স্পষ্ট – অভিজ্ঞতাকে অসম্মান নয়, সম্মান দিন।
