আজকের দিনেভারত

BARAMATI : বারামতীতে ফের বিমান দুর্ঘটনা, রানওয়েতে পিছলে ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বারামতী:- মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দর ফের খবরের শিরোনামে (BARAMATI) । রবিবার দুপুরে এখানকার রানওয়েতে অবতরণের সময় পিছলে গিয়ে ভেঙে পড়ল একটি বেসরকারি প্রশিক্ষণ বিমান। ঘটনায় হতাহতের খবর নেই। তবে ৮ মাস আগেই এই একই রানওয়েতে চার্টার্ড বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ পুণের বারামতী (BARAMATI)  বিমানঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। কার্ভার এভিয়েশন নামক সংস্থার প্রশিক্ষণ বিমানটিতে দু’জন ছিলেন। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে পিছলে যায় এবং ভেঙে পড়ে। বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।

এই ঘটনা ফের মনে করিয়ে দিল গত ২৮ জানুয়ারির মর্মান্তিক দুর্ঘটনার কথা। সেদিনও বারামতী (BARAMATI)  বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়েছিল একটি চার্টার্ড বিমান। সেই বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। দুর্ঘটনায় তিনি ছাড়াও পাইলট সুমিত কপূর, ফার্স্ট অফিসার শাম্ভবী পাঠক এবং এনসিপি প্রধানের দুই সহকারীর মৃত্যু হয়।

তদন্তে জানা গিয়েছিল, অজিত পওয়ারের বিমানটি প্রথমবার রানওয়েতে নামার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর আকাশে এক চক্কর কেটে দ্বিতীয়বার অবতরণের চেষ্টার সময়ই বিধ্বস্ত হয়।

৮ মাসের মধ্যে একই রানওয়েতে দু’টি বড় দুর্ঘটনা। প্রশিক্ষণ বিমানের ঘটনায় প্রাণহানি না হলেও বারামতী বিমানবন্দরের নিরাপত্তা ও রানওয়ের অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসনিক তদন্তের পরেই স্পষ্ট হবে দুর্ঘটনার প্রকৃত কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *