Sealdah : দেশভাগের ‘ক্ষত’ যাঁদের বয়ে বেড়াতে হয়েছে, শিয়ালদহে তাঁদের সম্মানেই বসছে স্মৃতিসৌধ !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ১৯৪৭-এর দেশভাগে ঘর-বাড়ি ছেড়ে ভিটেহারা হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। সেই বেদনাদায়ক অধ্যায়ের ক্ষতচিহ্ন আজও বয়ে বেড়াচ্ছেন উত্তরাধিকারীরা। এবার তাঁদের ‘লড়াই’-কে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। কলকাতার শিয়ালদহ স্টেশনকেই বেছে নেওয়া হল স্মৃতিস্থল তৈরির জন্য।
‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির উদ্বোধনে এসে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্রসিং শেখাওয়াত জানান, শিয়ালদহ রেল স্টেশনে দেশভাগে ক্ষতিগ্রস্তদের সম্মানে স্মৃতিসৌধ তৈরি করা হবে। নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানেই নির্মাণ হচ্ছে এই স্মৃতিসৌধ। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের সদস্য সচিব সচ্চিদান্দ যোশী জানিয়েছেন, এবছর ১৪ আগস্ট ‘বিভীষিকা স্মরণ দিবস’-এর বড় অনুষ্ঠান হবে পাঞ্জাবের অমৃতসর ও পশ্চিমবঙ্গের কলকাতায়। এই স্মৃতিসৌধের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে যারা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন, তাঁদের সম্মান জানানো হবে।
উল্লেখ্য, স্বাধীনতার ৮০ বছরে ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রা চলবে। সেই কর্মসূচির মঞ্চ থেকেই স্মৃতিসৌধের ঘোষণা করা হয়। ১৯৪৭-এর অপরিকল্পিত দেশভাগে রাতারাতি ভিটে ছাড়া মানুষের হাহাকার, আর্তনাদের ইতিহাসকে মনে রাখতেই এই উদ্যোগ।
ক্ষত মুছে দেওয়া সম্ভব নয়, তবে স্মরণের মাধ্যমেই সম্মান জানানো যায়। শিয়ালদহ স্টেশনের এই স্মৃতিসৌধ দেশভাগের শিকার হওয়া মানুষদের ত্যাগ ও লড়াইকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরবে। ইতিহাসের যন্ত্রণাকে মনে রেখেই ঐক্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই স্মারক।
