টি-টোয়েন্টির ব্যর্থতা অতীত, প্রথম ওয়ানডেতে সহজ জয় শুভমানের টিম ইন্ডিয়ার
কিউ ইন্ডিয়া বাংলা, এজবাসটন :- ফরম্যাট বদল, অধিনায়ক বদল। আর তাতেই যেন সবটা বদলে গেল। ক’দিন আগে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়া ভারতীয় দলটাই ৫০ ওভারের ফরম্যাটে ফিরে এজবাস্টনে ইংল্যান্ডকে ৬ উইকেটে অনায়াসে হারিয়ে দিল। পর পর সাত ম্যাচ পর জয়ের মুখ দেখল টিম ইন্ডিয়া।
টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের শুরুটা ভালোই ছিল। প্রথম উইকেটে ৬১ রান তোলার পর গুর্নুর ব্রারের এক ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ব্রুকরা। ৮০ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। প্রায় ৩ বছর পর ওয়ানডেতে ফেরা বুমরাহও ১টি উইকেট নেন।
সেখান থেকে ইংল্যান্ডকে টেনে তোলেন জো রুট এবং লিয়াম ডসন। রুট ৭৬ এবং ডসন ৬৮ রান করে দলকে ২৫৮ রানে পৌঁছে দেন। ৫০ ওভারের ১৩ বল বাকি থাকতেই অল আউট হয় ইংল্যান্ড। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে নিস্প্রভ অক্ষর প্যাটেল এদিন ৬২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের টার্নিং পয়েন্ট তৈরি করেন। ২টি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণও।
রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। প্রত্যাবর্তনের ম্যাচে রোহিত ১১ এবং বিরাট মাত্র ৫ রানে আউট হন। চাপের মুখে অধিনায়ক শুভমান গিল ৭৫ বলে ৮০ রানের ইনিংস খেলে ইনিংস সামাল দেন। শ্রেয়স আয়ার ৩৫ করে রান আউট হলেও, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের জুটি ভারতকে অনায়াস জয় এনে দেয়। গোটা ম্যাচেই ভারতীয় দলকে আত্মবিশ্বাসী দেখিয়েছে।
টি-টোয়েন্টির হারের ক্ষত ভুলে ওয়ানডে দিয়ে নতুন শুরু করল শুভমানের ভারত। ব্যাট, বল এবং ফিল্ডিং – তিন বিভাগেই দাপট দেখিয়ে এই জয় ভবিষ্যতের জন্য বড় ভরসা জোগাল। সিরিজে ১-০ তে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়াল টিম ইন্ডিয়া।
