খাসির বদলে মুরগি! বিহারে বিয়ের ভোজে মেনু ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- খাসির মাংসের বদলে মুরগির মাংস পরিবেশনকে কেন্দ্র করে বিয়েবাড়িতে বর ও কনেপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় দুই পক্ষের মিলিয়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বিহারের সহরসা জেলায়।
শুক্রবার সকালে কনেপক্ষের বাড়িতে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। আত্মীয়-স্বজনের উপস্থিতিতে বিয়ের মূল অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। তবে উত্তেজনার সৃষ্টি হয় ভোজপর্বে।
অভিযোগ, আগে থেকেই বরপক্ষকে জানানো হয়েছিল যে মেনুতে খাসির মাংস থাকবে। কিন্তু খেতে বসার পর তাঁদের পাতে পরিবেশন করা হয় মুরগির মাংস। এতে ক্ষুব্ধ হয়ে বরযাত্রীরা প্রতিবাদ জানিয়ে খাবার বয়কট করেন। পরিস্থিতি সামাল দিতে কনেপক্ষের সদস্যরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, উত্তেজনার মধ্যে চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় এবং খাবার ছুড়ে ফেলে দেওয়া হয়।
বরপক্ষের অভিযোগ, কনেপক্ষের কয়েকজন লাঠি নিয়ে হামলা চালান। অন্যদিকে, কনেপক্ষও পাল্টা অভিযোগ করেছে যে বরপক্ষও মারধরে জড়িয়ে পড়ে এবং তরোয়াল দেখিয়ে বরযাত্রীদের ভয় দেখানো হয়।
বিয়েবাড়িতে এই হুলস্থুল কাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে সরিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষে আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
