চেক বাউন্স মামলা: অভিনেতা রাজপাল যাদবের ৩ মাসের জেল,নির্দেশ আদালতের
কিউ ইন্ডিয়া বাংলা, বিনোদন ডেস্ক:- বলিউড অভিনেতা রাজপাল যাদবকে চেক বাউন্স সংক্রান্ত সাতটি মামলায় তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আদালত একই সঙ্গে ক্ষতিপূরণ বাবদ মোটা অঙ্কের অর্থ দেওয়ারও নির্দেশ দিয়েছে। এই রায়ের ফলে জনপ্রিয় এই কৌতুক অভিনেতা বড়সড় আইনি চাপে পড়লেন বলে মনে করা হচ্ছে।
রাজপাল ও তাঁর স্ত্রীর ওপর বিশাল জরিমানা:
আদালতের রায় অনুযায়ী, শুধু রাজপাল যাদবই নন, এই মামলায় তাঁর স্ত্রী রাধা যাদবকেও বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
-
রাজপাল যাদবের জরিমানা: সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীকে ১ কোটি ৫ লক্ষ টাকা করে দিতে হবে রাজপাল যাদবকে। পাশাপাশি প্রতিটি মামলায় অভিযোগকারীকে আরও ১ কোটি ৪ লক্ষ টাকা এবং রাজ্যকে ২৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
-
স্ত্রী রাধা যাদবের জরিমানা: সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীকে ৫ কোটি ৫১ লক্ষ টাকা করে পরিশোধ করতে হবে তাঁকে।
মেলেনি কোনও প্রতিক্রিয়া:
দিল্লি হাইকোর্টের এই রায় নিয়ে এখনও পর্যন্ত রাজপাল যাদব বা তাঁর আইনজীবীদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। উচ্চতর আদালতে এই রায়কে চ্যালেঞ্জ করা হবে কি না, সে বিষয়েও এখনও কিছু স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’, ‘গরম মশলা’-র মতো একাধিক সুপারহিট ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকমহলে রাজপাল যাদব অত্যন্ত জনপ্রিয়। তবে এবার কেরিয়ার নয়, ব্যক্তিগত জীবনের এই আইনি জটিলতার কারণেই খবরের শিরোনামে উঠে এলেন তিনি।
