New Friendship : উঠছে নিষেধাজ্ঞা, তুরস্ককে এফ-৩৫ দেবে আমেরিকা ! নতুন ‘বন্ধুত্বে’ উদ্বিগ্ন ভারত !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ন্যাটো বৈঠক থেকে বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। তুরস্কের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে আমেরিকা, সঙ্গে মিলবে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানও। ২০১৯-এর এস-৪০ বিতর্কের পর ফের ঘনিষ্ঠ হচ্ছে ওয়াশিংটন-আঙ্কারা। কিন্তু এই নতুন সমীকরণে কপালে চিন্তার ভাঁজ ভারতের।
প্রসঙ্গত,২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার কারণে তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। মঙ্গলবার আঙ্কারায় ন্যাটোর বৈঠকে দাঁড়িয়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনার কথাও জানালেন তিনি।
ভারতের ক্ষেত্রে সমস্যা ঠিক এখানেই। সাম্প্রতিক বছরগুলিতে তুরস্ক হয়ে উঠেছে পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদার। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান তুরস্কের ড্রোন ব্যবহার করে ভারতে হামলা চালিয়েছিল বলেও অভিযোগ। বিশ্লেষকদের আশঙ্কা, তুরস্কের হাতে এফ-৩৫-এর মতো উচ্চপ্রযুক্তির যুদ্ধবিমান এলে তা পরোক্ষভাবে পাকিস্তানের হাতেও পৌঁছতে পারে।
এদিকে জম্মু-কাশ্মীর ইস্যুতে বারবার পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে আঙ্কারা। আন্তর্জাতিক মঞ্চেও ইসলামাবাদকে সমর্থন করেছে তুরস্ক। ফলে তুরস্কের সামরিক শক্তি বাড়লে তা ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
পরিস্থিতি সামাল দিতে কৌশলও সাজাচ্ছে নয়াদিল্লি। তুরস্কের চিরবৈরী গ্রিসের সঙ্গে প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে সম্পর্ক জোরদার করেছে ভারত। সম্প্রতি গ্রিস সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই অংশীদারিত্বকে আরও মজবুত করেছেন।
আমেরিকা-তুরস্কের নতুন ‘বন্ধুত্ব’ ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ আনছে। তুরস্কের হাতে অত্যাধুনিক অস্ত্র আসা এবং পাকিস্তানের সঙ্গে তার ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগের কারণ। এই আবহে গ্রিসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নিজেদের কৌশলগত ভারসাম্য রাখতে চাইছে ভারত।
