রাজ্যে ফের ভোটের দামামা! ৩ টি রাজ্যসভা আসনের উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ
কিউ ইন্ডিয়া বাংলা,নয়া দিল্লি: রাজ্যে ফের বেজে উঠল নির্বাচনী ডঙ্কা। পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৪ জুলাই এই তিন আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার এই মর্মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের তিন বিদায়ী সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পদত্যাগের ফলেই এই আসনগুলি শূন্য হয়েছিল, যেখানে আগামী ২৪ জুলাই ভাগ্যনির্ধারণ হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আসন্ন উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ জুলাই। মনোনয়নপত্র যাচাই করা হবে ১৫ জুলাই। প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন ১৭ জুলাই । চলতি মাসের ২৪ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বলে ঘোষণা করা হয়। ওই একই দিনে, বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে । ২৭ জুলাইয়ের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন।

কেন এই উপনির্বাচন? তৃণমূলের অন্দরে ‘উইকেট’ পতনের খতিয়ান
বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই ঘাসফুল শিবিরে দেখা দিয়েছে বড়সড় ভাঙন। দলের একাধিক নেতা-নেত্রী ও জনপ্রতিনিধিদের ‘বেসুরো’ গাইতে দেখা যাচ্ছে। কেউ ছাড়ছেন সাংগঠনিক পদ, তো কেউ কাউন্সিলর বা মেয়রের কুর্সি। এই আবহেই দিল্লিতে তৃণমূলকে পরপর তিনটি বড় ধাক্কা দেন তিন রাজ্যসভা সাংসদ:
-
১. সুখেন্দুশেখর রায়: দিল্লিতে তৃণমূল শিবিরে প্রথম ধাক্কাটি দেন সুখেন্দুশেখর রায়। গত ৮ জুন দলের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়ে রাজ্যসভার সাংসদ পদ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। দল ছাড়ার পর তিনি জানান, ‘দীর্ঘদিন ধরেই দলে কোণঠাসা ছিলাম। সঠিক সময়ের অপেক্ষা করছিলাম।’
-
২. সুস্মিতা দেব: সুখেন্দুশেখর রায়ের ইস্তফার ঠিক দু’দিন পরেই অর্থাৎ ১০ জুন পদত্যাগ করেন দলটির অন্যতম হেভিওয়েট সাংসদ সুস্মিতা দেব। তৃণমূল ছাড়ার পরপরই অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়।
-
৩. প্রকাশ চিক বরাইক: সুস্মিতা দেবের পদত্যাগের ঠিক পরের দিন, ১১ জুন দিল্লিতে তৃণমূলের আরও একটি ‘উইকেট’ পড়ে। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন প্রকাশ চিক বরাইক।
পরপর তিন সাংসদের এই পদত্যাগের ফলেই শূন্য হয়ে পড়া এই তিন আসনে এবার ২৪ জুলাই হতে চলেছে হাইভোল্টেজ উপনির্বাচন।
