আজকের দিনেগ্রীন রুম

আমন্ত্রণ জানালে ভেবে দেখব: অপরাজিতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বিনোদন ডেস্ক:- প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ঘিরে ভাইফোঁটার ছবি নিয়ে যে বিতর্ক বহু বছর ধরে টলিপাড়ার আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত ছড়িয়ে রয়েছে, তা নতুন নয়। প্রতি বছর তাঁর বাড়ির বিশাল ভাইফোঁটার আয়োজন যেমন চর্চায় থাকে, তেমনই সেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের অনেককেই নেটমাধ্যমে ট্রোলের মুখে পড়তে হয়েছে। অভিনেত্রী অপরাজিতা আঢ্যও সেই তালিকার বাইরে নন।

“সবটাই সাময়িক, আমি এসব নিয়ে ভাবি না”

সম্প্রতি জনাইয়ের মিত্রবাড়িতে সিনেমার শুটিংয়ের ফাঁকে এক সংবাদমাদ্যমের সাথে আড্ডায় বসে এই ভাইফোঁটা প্রসঙ্গটি উঠে আসে। মাঝেমধ্যেই ভাইরাল হওয়া সেই ছবি এবং তা নিয়ে হওয়া নানা নোংরা মন্তব্য প্রসঙ্গে অপরাজিতাকে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত শান্ত, স্পষ্ট এবং অনাড়ম্বর উত্তর দেন।

অভিনেত্রী জানান, অরূপ বিশ্বাসকে তিনি চেনেন সেই সময় থেকে, যখন ১৯৯৮-৯৯ সাল নাগাদ সুরুচি সংঘের পুজো সবে শুরু হয়েছে। কলকাতায় এসে প্রথম থিমের পুজোও তিনি ওখানেই দেখেছিলেন। এরপর বহু বছরের চেনা-পরিচয়। ট্রোলিং প্রসঙ্গে তিনি বলেন, “আমি এসব নিয়ে ভাবি না। আমার মনে হয় সবটাই সাময়িক। কিছু মানুষ আছেন, যাঁরা সব কিছু নিয়েই কথা বলেন। তাঁরা বলবেনই। বলুক না। আমার কী আসে যায়? আমি কেন ভাইফোঁটা দিতে গেছি, আমার মানসিকতা কী, সেটা আমি নিজের কাছে একেবারে পরিষ্কার।”

আবার নিমন্ত্রণ এলে কি যাবেন?

কথায় কথায় প্রশ্ন ওঠে, ভবিষ্যতে আবার ভাইফোঁটার নিমন্ত্রণ এলে তিনি কি যাবেন? হেসে অপরাজিতা উত্তর দেন, “উনি যেভাবে আমন্ত্রণ জানাতেন, যদি সেভাবেই আবার ডাকেন, তা হলে দেখা যাবে। এতগুলো বছরে আমি মাত্র দু’বার গিয়েছি। প্রতি বছর তো যাইনি। আবার যদি সুযোগ হয়, আর ওঁরা যদি আমন্ত্রণ জানান, তা হলে ভেবে দেখা যাবে।”

গল্প, হাসি আর আড্ডার মেজাজে টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী বুঝিয়ে দিলেন, নেতিবাচক মন্তব্য বা ট্রোলিংকে তিনি নিজের জীবনে বিন্দুমাত্র পাত্তা দিতে রাজি নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *