Football Worldcup 2026 : ১-০ গোলে ঘানাকে হারিয়ে প্রি-কোয়ার্টারে কলম্বিয়া, বিদায় আফ্রিকার দল ঘানার !
কিউ ইন্ডিয়া বাংলা, কানসাস সিটি :- FIFA World Cup 2026-এর রাউন্ড অফ ৩২-র শেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারাল কলম্বিয়া। জন অ্যারিয়াসের একমাত্র গোলে জয় পেয়ে ষোলোতম দল হিসাবে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল লাতিন আমেরিকার দেশটি। এই হারের সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আফ্রিকার দল ঘানা। মিশর এবং মরক্কো বাদে আর কোনও আফ্রিকান দলই রাউন্ড অফ ১৬-য় পৌঁছাতে পারল না।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল কলম্বিয়ার হাতে। ৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন স্ট্রাইকার জন কর্দোবা। তাঁর জায়গায় নামেন লুইস সুয়ারেজ। ১৩ মিনিটে ঘানাও ধাক্কা খায় ডিফেন্ডার মারভিন সেনায়ার চোটে।
১৪ মিনিটেই সেই ধাক্কা কাজে লাগায় কলম্বিয়া। প্রায় একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন উইঙ্গার জন অ্যারিয়াস। পিছিয়ে পড়ে রক্ষণাত্মক হয়ে যায় ঘানা। প্রতি আক্রমণে ভরসা রাখলেও পরিকল্পনার অভাব স্পষ্ট ছিল।
২১ মিনিটে লুইস দিয়াজের জোরালো শট দারুণভাবে বাঁচান ঘানার গোলরক্ষক লরেন্স জিগি। ৩৯ মিনিটে আবার সুযোগ নষ্ট করেন দিয়াজ, ৪২ মিনিটে সুয়ারেজও। প্রথমার্ধের সংযুক্ত সময়েও জিগির সেভে ব্যবধান বাড়েনি।
দ্বিতীয়ার্ধেও আগ্রাসী কলম্বিয়া। ৫৭ মিনিটে দিয়াজের গোল অফসাইডের জন্য বাতিল। ৬৯ মিনিটে ঘানা সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায়। কিন্তু ভালো জায়গা থেকে বল বাইরে মারেন থমাস পার্তে। শেষ দিকে মরিয়া চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি ঘানা। স্ট্রাইকারদের ব্যর্থতাই ডোবাল আফ্রিকার দলকে।
এই জয়ের ফলে ষোলোতম দল হিসাবে প্রি-কোয়ার্টার নিশ্চিত করল কলম্বিয়া। অন্যদিকে বিশ্বকাপে আফ্রিকার প্রতিনিধিত্ব এবার শুধু মিশর আর মরক্কোতেই সীমাবদ্ধ থাকল। ঘানার ব্যর্থতা প্রমাণ করল, শুধু লড়াই নয়, ফিনিশিং-এর অভাবেই বড় মঞ্চে পিছিয়ে পড়তে হয়।
