আজকের দিনেতিলোত্তমা

লেকটাউনের ‘বিতর্কিত’ ৭০ ফুটের মেসি মূর্তি যাচ্ছে ইকো পার্কে, আপাতত ‘বিশ্রামে’ LM10

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- গত বছর ভার্চুয়ালি উদ্বোধনের পর বিতর্ক আর হাওয়ায় দুলে লেকটাউন থেকে সরে যেতে হয়েছিল লিওনেল মেসির ৭০ ফুটের মূর্তিকে। এবার সেই ‘বিশ্রামরত’ LM10-কে ইকো পার্কে বসানোর পরিকল্পনা নিল রাজ্য সরকার। বিশ্বকাপের মধ্যেই স্থাপনের ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

গত বছর ডিসেম্বরে মেসির কলকাতা সফরে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তিটির উদ্বোধন করেন আর্জেন্টিনীয় তারকা নিজেই। পাশে ছিলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। মূলত তাঁর উদ্যোগেই মূর্তিটি তৈরি হয়। কিন্তু কয়েক মাসের মধ্যেই মূর্তির অবস্থা সঙ্গিন হয়ে যায়। হাওয়ায় দুলতে থাকায় বড়সড় বিপদের আশঙ্কায় লেকটাউন থেকে সরিয়ে নেওয়া হয়।

শনিবার মূর্তির ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়। রসিকতার সুরে তিনি বলেন, “এখনও অবধি মেসি শুয়ে রয়েছেন। রেস্ট নিচ্ছেন PWD-তে। এরপর খানিকটা ওয়ার্ম আপ করিয়ে আমরা তাঁকে নিয়ে যাব ইকো পার্কে।”

সুজিত বসুকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, “বিশ্বকাপ আবহে সত্যিকারের মেসির মূর্তি বসালেই ভাল হত… যাই হোক।” উল্লেখ্য, মেসির নামে লেকটাউনে বসানো মূর্তিটি আদৌ তাঁর মতো দেখতে কিনা তা নিয়ে আগেও বিস্তর বিতর্ক-রসিকতা হয়েছে।

সূত্রের খবর, বর্তমানে ৭০ ফুটের মূর্তিটি বাগুইআটির PWD গুদামে রাখা হয়েছে। বিশ্বকাপের মধ্যেই সেটি ইকো পার্কে স্থাপন করার চেষ্টা চলছে।

উদ্বোধন থেকে সরানো পর্যন্ত বিতর্ক সঙ্গী হয়েছে এই মেসি মূর্তির। এবার ইকো পার্কে নতুন ঠিকানায় LM10 কতটা ফুটবলপ্রেমীদের মন জয় করতে পারে, সেটাই দেখার। রাজনৈতিক কটাক্ষ আর রসিকতার মাঝে বিশ্বকাপের আবহে মূর্তি স্থাপন নিয়ে আগ্রহ তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *