প্রাক্-বর্ষায় দুর্গম ট্রেল’স্ পাস জয়: নজির গড়ল ‘কলকাতা ট্রেকার্স ইয়ুথ’-এর সাত বাঙালি পর্বতারোহী
কিউ ইন্ডিয়া বাংলা, উত্তরাখণ্ড :- প্রাক্-বর্ষা মরসুমে উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের ‘দুর্লঙ্ঘ্য’ ট্রেল’স্ পাস জয় করে নজির গড়লেন বাংলার সাত পর্বতারোহী। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোনও দল এই মরসুমে প্রথম ৫৩১২ মিটার উচ্চতার এই গিরিবর্ত্ম অতিক্রম করল।
পিণ্ডারী হিমবাহের শেষ প্রান্তে নন্দাদেবী ও নন্দাকোট শৃঙ্গের মাঝে অবস্থিত ট্রেল’স্ পাস অভিযানের লক্ষ্যে গত ২৭ মে কলকাতা থেকে রওনা দেয় ‘কলকাতা ট্রেকার্স ইয়ুথ’-এর দলটি। জুনের গোড়ায় মূল পর্ব শুরু করে মূল শিবির স্থাপন করেন তাঁরা।
তবে পথে বাধা হয়ে দাঁড়ায় প্রাকৃতিক দুর্যোগ। ১২-১৩ ঘণ্টা টানা তুষারপাতের মধ্যে আটকে পড়ে দল। পরে পরিকল্পনা বদলে অগ্রবর্তী মূল শিবির (ABC) হয়ে ৬ জুন ১ নম্বর শিবির স্থাপন করা হয়। পরদিন ২ নম্বর শিবিরে পৌঁছন সাত পর্বতারোহী।
একদিনের বিরতির পর ১৭,৪২৮ ফুট উচ্চতার ট্রেল’স্ পাসের মাথায় ওঠে দলটি। মিনিট কুড়ি সেখানে কাটিয়ে ছবি তোলার পর নামার সময় তুষারধসের কবলে পড়েন তাঁরা। তবে দলনেতা মোহিনীমোহন পালের নেতৃত্বে অরিন্দম পাত্র, সুচরিতা ধাড়া, দিশা ঘোষ, অর্ণব পাল, সুদীপ সরকার ও স্পন্দন কুমার মালিক বিপর্যয় এড়াতে সক্ষম হন।
দুর্যোগ, তুষারধস সামলে প্রাক্-বর্ষায় ট্রেল’স্ পাস জয় নিঃসন্দেহে বড় সাফল্য। কঠিন এই গিরিবর্ত্ম অতিক্রম করে ‘কলকাতা ট্রেকার্স ইয়ুথ’-এর সাত সদস্য রাজ্যের পর্বতারোহণের ইতিহাসে নতুন নজির যোগ করলেন।
