আজকের দিনেভারত

দেরাদূনের পর এবার কোয়েম্বাটুরে উদ্ধার নিট পরীক্ষার্থীর দেহ, অবসাদে ভুগছিলেন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর থেকেই একের পর পরীক্ষার্থীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উত্তরাখণ্ডের দেরাদূনের পর এবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এক পরীক্ষার্থীর দেহ উদ্ধার হল। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অনুকীর্তন। এবছর তিনি নিট পরীক্ষায় বসেছিলেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর থেকেই প্রচণ্ড মানসিক চাপে ছিলেন ওই পরীক্ষার্থী। পুলিশকে এমনটাই জানিয়েছে পরিবারের সদস্যরা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, নিটের প্রথম পরীক্ষা খুব ভালো দিয়েছিলেন তিনি। ভালো নম্বর পাবেন বলে পরিবারের সকলকে জানিয়েছিলেন তিনি। কিন্তু এর পরেই পরীক্ষা বাতিল হয়ে যায়, তার পর থেকেই মানসিক চাপে ছিলেন তিনি। তবে তার মধ্যেও নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনায় শোকাহত পরিবারের সদস্যরা।

 

পুলিশ জানিয়েছে, অনুকীর্তনের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে কী লেখা আছে, তা জানায়নি পুলিশ। এই ঘটনায় পড়ুয়া থেকে অভিভাবকেরা নিট পরীক্ষা বন্ধ দাবিতে বিক্ষোভ দেখান।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই তামিলনাড়ু সরকার নিট বন্ধের পক্ষে সওয়াল করেছে। এই পরিস্থিতিতে অনেক ছাত্র-ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

কোয়েম্বাটুরে নিট পড়ুয়ার মৃত্যুর ঘটনায় জনরোষ আরও বেড়েছে। শুধু তামিলনাড়ু নয়, মঙ্গলবারই উত্তরাখণ্ডের দেহরাদূনে এক নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার হয়। তিনিও আগে বেশ কয়েকবার নিট পরীক্ষা দিয়েছিলেন। সফল হননি। এ বারও পরীক্ষা দিয়েছিলেন। বাতিল হয়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন। তার পরই আত্মহত্যা করেন। ঘর থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়।

প্রসঙ্গত,  চলতি বছরে নিট হয় ৩ মে। কিন্তু ৭ মে পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে। তার পরই ১২ মে নিট পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ফের ২১ জুন পরীক্ষা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *