পাঁচটি খাতায় ৩ কোটি ৭০ লক্ষ! ‘সিজ’ সব্যসাচী ও স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করল পুলিশ। যার মধ্যে একটি স্ত্রী ইন্দ্রানী দত্তের সঙ্গে যৌথ অ্যাকাউন্ট। পাঁচটি খাতায় মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকা রয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ইন্দ্রানীর খোঁজ চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সিজ হওয়া পাঁচটি অ্যাকাউন্টে থাকা ৩ কোটি ৭০ লক্ষ টাকার উৎস কী, তা আইনি না বেআইনি—খতিয়ে দেখা হচ্ছে। কোনওরকম লেনদেন আটকাতেই অ্যাকাউন্টগুলি সিজ করা হয়েছে। ইতিমধ্যে সব্যসাচীকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার বনগাঁয় শ্বশুরবাড়িতে তল্লাশির পর রাতেই নদিয়ার হরিণঘাটায় শ্যালিকার স্বামী নিমাই ভৌমিকের বাড়িতেও অভিযান চালানো হয়। ওষুধ ব্যবসায়ী নিমাইয়ের বাড়িতে প্রায় ১৫ মিনিট তল্লাশি চলে। পরে সব্যসাচীকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। তৃণমূল থেকে বিজেপি হয়ে ফের তৃণমূলে ফেরা সব্যসাচীর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগে বিধাননগর উত্তর থানায় মামলা দায়ের হয়েছে। তার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আদালতে পুলিশ জানিয়েছে, সব্যসাচীর স্ত্রী ইন্দ্রানী দত্তকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। কিন্তু তাঁর খোঁজ মিলছে না।
সব্যসাচীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকার হদিস ও স্ত্রীর নিখোঁজ থাকা—দুই মিলিয়ে তদন্ত আরও জোরদার করছে পুলিশ। তোলাবাজি ও দুর্নীতির শিকড়ে পৌঁছতে একাধিক জায়গায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তদন্তকারী দল।
