সমস্ত স্কুলে বাধ্যতামূলক ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন: বিকাশ ভবন
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এবার বাধ্যতামূলকভাবে পালিত হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ দিবস’। আগামী ২০ জুন যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি পালনের জন্য স্পষ্ট নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। বিকাশ ভবনের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা বাধ্যতামূলক।
নতুন প্রজন্মের পড়ুয়াদের কাছে পশ্চিমবঙ্গের সৃষ্টি, এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাঙালি হিন্দুদের নিজস্ব ‘হোমল্যান্ড’ হিসেবে এই রাজ্যের আত্মপ্রকাশের ইতিহাস তুলে ধরতেই এই বিশেষ সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশিকায় কী কী বলা হয়েছে?
বাধ্যতামূলক উপস্থিতি: ২০ জুনের এই কর্মসূচিতে স্কুলের সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের যোগদান বাধ্যতামূলক করা হয়েছে।
বিশেষ প্রতিযোগিতা: পড়ুয়াদের মধ্যে রাজ্যের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে স্কুলে প্রবন্ধ রচনা, বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন বাধ্যতামূলক।
রিপোর্ট পেশ: প্রতিটি স্কুলে কী কী কর্মসূচি নেওয়া হলো, তার সংক্ষিপ্ত প্রতিবেদন ও ছবি আগামী ২৫ জুনের মধ্যে জেলা স্কুল ইন্সপেক্টরদের মাধ্যমে শিক্ষা দপ্তরে পাঠাতে হবে।
উচ্চশিক্ষাতেও কড়া নির্দেশ: স্কুল শিক্ষা দপ্তরের পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরও সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়কে এই নির্দেশ দিয়েছে। শুধু ২০ জুনই নয়, পরবর্তী ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে বিশেষ সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০ জুনের ঐতিহাসিক গুরুত্ব ও প্রধানমন্ত্রীর সফর:
১৯৪৭ সালের ২০ জুন আইনসভায় ভোটাভুটির মাধ্যমেই অবিভক্ত বাংলা ভাগ হয়ে ‘পশ্চিমবঙ্গ’ গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবার হুগলির তারকেশ্বরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারকেশ্বরের ঐতিহাসিক যোগসূত্র: ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তারকেশ্বরের একটি সম্মেলন থেকেই পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে প্রথম গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করেছিলেন। সেই ঐতিহাসিক যোগসূত্রকে সম্মান জানাতেই এই স্থানটিকে বেছে নেওয়া হয়েছে, যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
