Modi-Yoga : আন্তর্জাতিক যোগ দিবস: রেড রোড-সহ শহরের প্রাণকেন্দ্রে যান নিয়ন্ত্রণ !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রস্তুতি ও মহড়ার জন্য ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন পর্যন্ত রেড রোডের একাংশে যান চলাচল বন্ধ। শহরের একাধিক রাস্তায় ডাইভারশন করছে কলকাতা পুলিশ।
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জুন রাত ১০টা থেকে যোগ দিবসের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোডের একাংশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এর প্রভাব পড়বে এসপ্ল্যানেড, ময়দান, হেস্টিংস, বিবাদি বাগ ও সংলগ্ন এলাকায়।
এছাড়া ২১ জুন ভোর ২টা থেকে, অর্থাৎ ২০ জুন রাত ২টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আরও বেশ কিছু রাস্তায় ট্র্যাফিক ব্লক থাকবে। সেই রাস্তাগুলো হল: হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোডের ঘোরা পাস থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড অংশ, আর আর অ্যাভিনিউ, গোষ্ঠপাল সরণি, কুইন্স ওয়ে, প্লাসে গেট রোড, ডাফেরিন রোড, আউটরাম রোড ও এসপ্ল্যানেড র্যাম্প।
প্রশাসনের অনুমান, প্রায় ৩০ হাজার মানুষ এই যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ ও জনসমাগম সামাল দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার কলকাতা পুরসভায় এই সভার প্রস্তুতি নিয়ে বৈঠকও হয়েছে।
কলকাতা পুলিশ যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে। পরিস্থিতি অনুযায়ী আরও ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর করা হতে পারে।
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডের এই যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে শহরে নিরাপত্তা ও যান চলাচলে কড়াকড়ি থাকছে। আগামী কয়েকদিন অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের বিকল্প পথে যাতায়াতের পরিকল্পনা করে নেওয়াই ভালো। ২১ জুন অনুষ্ঠান শেষ হলে ধাপে ধাপে স্বাভাবিক হবে যান চলাচল।
