CID Investigation-Rahul : রাহুলের রহস্যমৃত্যুর তদন্তে এবার সিআইডি, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর !
কিউ ইন্ডিয়া বাংলা, দিঘা:- তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আড়াই মাস পর তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার দায়, প্রযোজনা সংস্থার ভূমিকা কী— এখনও অধরা বহু প্রশ্নের উত্তর।
গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে জলে ডুবে মারা যান রাহুল। গোড়া থেকেই ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজের অসঙ্গতি থাকায় রহস্য দানা বাঁধে। রাহুলের মৃত্যুতদন্তের দাবিতে বাংলা সিনেইন্ডাস্ট্রিতে এক মাস ধরে প্রতিবাদ চললেও পরে তা থিতিয়ে যায়।
দিনকয়েক আগে দিল্লি এই মামলায় হস্তক্ষেপ করে। প্রধানমন্ত্রীর দপ্তর দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয়। এরপরই রবিবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সম্প্রতি ওড়িশায় বাংলার অভিনেতার মৃত্যু ঘটেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। ওড়িশা পুলিশ সিট গঠন করেছে। আমি পুলিশ সুপারকে বলব বিষয়টি মুখ্যসচিবের কাছে পাঠিয়ে সিআইডিকে তদন্তভার দেওয়ার জন্য।”
রাহুলের মৃত্যুর পরই শুটিংয়ে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। অভিযুক্ত প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-কে কালো তালিকাভুক্ত করা এবং অভিনেতার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি ওঠে। লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে এফআইআর ও ফৌজদারি মামলা রুজু করে কড়া আইনানুগ ব্যবস্থার দাবিও তোলা হয়। সংগঠনের বক্তব্য, নিরাপত্তা বিধি অমান্য করার ফলেই প্রাণ হারাতে হয়েছে রাহুলকে।
আড়াই মাস পর রাজ্য সরকারের হস্তক্ষেপে নতুন মোড় নিল রাহুলের রহস্যমৃত্যু তদন্ত। ওড়িশা পুলিশের সিট-এর পাশাপাশি এবার সিআইডি তদন্তে নামলে ঘটনার আসল কারণ, ইউনিটের ভূমিকা ও নিরাপত্তা গাফিলতির প্রশ্নগুলোর জবাব মিলতে পারে বলে মনে করছে টলিপাড়া। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবিতে এখনও অনড় সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
