Indian Merchant Vessel : ওমান উপকূলে বিপদে ভারতীয় বাণিজ্যতরী, ইঞ্জিন বিকলে মাঝসাগরে আটকে ১৪ নাবিক উদ্ধার !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফের ওমান উপসাগরে বিপাকে পড়ল ভারতীয় বাণিজ্যতরী। প্রযুক্তিগত ত্রুটির জেরে মাঝসাগরে বিকল হয়ে যায় ভারতের পতাকাবাহী জাহাজ ‘বিরাট ১’। তবে ওমান বন্দর কর্তৃপক্ষ ও আশপাশের জাহাজের তৎপরতায় ১৪ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মাস্কাটের ভারতীয় দূতাবাস।
ওমানের জল সীমান্তের কাছে আচমকাই ইঞ্জিন বিকল হয়ে পড়ে ‘বিরাট ১’ নামের বাণিজ্যতরীটি। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিন সচল না হওয়ায় নাবিকরা জাহাজ পরিত্যাগ করতে বাধ্য হন। এরপর তাঁদের আপৎকালীন ভেলা বা ‘লাইফ-রাফটে’ স্থানান্তরিত করা হয়। সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ওমানের বন্দর কর্তৃপক্ষ ও নিকটবর্তী জাহাজগুলোর সঙ্গে সমন্বয় রেখে উদ্ধারকাজ চালানো হচ্ছে। বর্তমানে ১৪ জন নাবিকই সুরক্ষিত রয়েছেন এবং ওমান কর্তৃপক্ষের তদারকিতে রয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি ওমান উপসাগর ও হরমুজ প্রণালী অঞ্চল ভারতীয় নাবিকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক’দিন আগেই ওমান উপসাগরে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। এছাড়া ‘এমটি সেলেস্টিয়াল’ নামের একটি বাণিজ্যতরীতে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে নিশান্ত উরথানাথান নামে এক ভারতীয় নাবিকের। তাঁর দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বিদেশ মন্ত্রক।
জাহাজ মন্ত্রকের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী ১৩টি জাহাজে ৫৬২ জন ভারতীয় নাবিক গত ১০৭ দিন ধরে আটকে রয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা-ইজরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় নাবিকদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রণালী বিশ্বের ‘তৈল ধমনী’ হিসেবে পরিচিত।
এই পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি ইঙ্গিত দিয়েছেন, রবিবারই ইরানের সঙ্গে শান্তিচুক্তি চূড়ান্ত হতে চলেছে। চুক্তি সফল হলে অবসান হতে পারে চলমান সংঘাতের এবং খুলে যেতে পারে হরমুজ প্রণালী। গোটা বিশ্বের মতোই আটকে পড়া ভারতীয় নাবিকরাও এখন সেই ‘ভালো খবর’-এর অপেক্ষায় দিন গুনছেন। মাস্কাটের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ‘বিরাট ১’-এর নাবিকদের দেশে ফেরাতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে।
