Yogi Adityanath : রামমন্দিরে প্রণামী বাক্স থেকে টাকা চুরির ঘটনায় কোনও রেয়াত নয়, সিট গঠন যোগী সরকারের !
কিউ ইন্ডিয়া বাংলা- রামমন্দিরের ভক্তদের প্রণামী বাক্স থেকে টাকা চুরি গেছে, এই অভিযোগে তুলেছিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। এবার এই মামলার সত্যাসত্য জানতে আসরে নামলো যোগী সরকার। টাকা চুরির ঘটনায় তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। সূত্রের খবর, এই ঘটনায় রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে অভিযোগ পাওয়ার পেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে তদন্তের নির্দেশ দেন।
রামমন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা চুরি গেছে, এই অভিযোগ তুলে সরব হন অখিলেশ। ফলে নতুন বিতর্ক দানা বাঁধে। অখিলেশ দাবি করেন, বিশ্বের নানাপ্রান্তে ছড়িয়ে থাকা রামভক্তদের কাছে এটি অত্যন্ত দুঃখের খবর। ‘রামমন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনা মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অস্বস্তিকর। এই বিষয়ে মুখ খুলতে চাইছে না’। এই বিষয়ে আদালতের তত্ত্বাবধানে হস্তক্ষেপের দাবি করেন অখিলেশ।
প্রাথমিকভাবে টাকাচুরির অভিযোগ নাকচ করে দেয় ট্রাস্ট। দিল্লি থেকে অযোধ্যায় এসে এসবিআই ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকও করেন মন্দির ট্রাস্টের প্রধান নৃপেন্দ্র মিশ্র ও সাধারণ সম্পাদক চম্পত রাই। সেই অভ্যন্তরীণ তদন্ত শেষে সন্দেহজনক গতিবিধি হদিশ হাতে আসে ট্রাস্টের। এর পর ট্রাস্টের তরফেই যোগীর কাছে সিট গঠনের দাবিতে চিঠি দেওয়া হয়। ট্রাস্টের চিঠির পরই ৩ সদস্যের উচ্চস্তরীয় বিশেষ তদন্তকারী দল গড়েছে উত্তরপ্রদেশ সরকার। সেই সিটে রয়েছে আইএএস বিজয় বিশ্বাস পন্থ, পুলিশের প্রাক্তন আইজি কিরণ এস এবং উত্তরপ্রদেশের অর্থদফতরের বিশেষ সচিব নীল রতন।
রামমন্দিরের ভক্তদের প্রণামী বাক্স থেকে টাকা চুরি নিয়ে উত্তরপ্রদেশে চাপানউতোর। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছে। সিবিআই তদন্ত চেয়ে এলাহাবাদ হাইকোর্টে লখনউ বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছেন মোহিত অশোক নামে এক আইনজীবী। পাশাপাশি, ক্যাগকে দিয়েও ট্রাস্টের অ্যাকাউন্টের স্পেশাল ফরেনসিক অডিট করানোর আর্জি জানিয়েছেন তিনি।
