মমতার সিদ্ধান্ত বদলালো নবান্ন, পশ্চিমবঙ্গ দিবস এবার ২০ জুন
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে পালাবদলের পর একাধিক নিয়ম বদলের পথে হাঁটছে নতুন সরকার। এবার বদলে গেল পশ্চিমবঙ্গ দিবস পালনের তারিখ। তৃণমূল সরকারের আমলে পয়লা বৈশাখে পালিত হত পশ্চিমবঙ্গ দিবস। সেই নিয়ম বদলে এবার থেকে ২০ জুনই সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে বলে বুধবার নবান্ন থেকে ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসানোর কথাও জানানো হয়েছে।
বঙ্গ বিজেপি বরাবরই ২০ জুন তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি জানিয়ে এসেছে। তৃণমূল কংগ্রেসের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনে আপত্তি জানান। সেসময় রাজ্য সরকার পয়লা বৈশাখ, অর্থাৎ ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে এবং সরকারিভাবে সেই দিনটিই পালন করা হত। যদিও বঙ্গ বিজেপি আলাদা করে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করত। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল সরকারের আমলের একাধিক নির্দেশ-নিয়ম বদল হচ্ছে। সেই জল্পনা কিছুদিন ধরেই সরকারি মহলে চলছিল যে ২০ জুনকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মান্যতা দেওয়া হতে পারে। আজ, বুধবার নবান্নে সেই জল্পনায় সিলমোহর দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, এবার থেকে ২০ জুনই সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে।শুধু তারিখ বদলই নয়, এদিন আরও একটি বড় ঘোষণা করেছে নবান্ন। কলকাতায় এবার বসবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী। সেদিনই মূর্তির জন্য ভূমিপুজো হবে বলে জানানো হয়েছে। কলকাতার কোনও একটি নির্দিষ্ট অংশে জমি নির্বাচন করে সেই মূর্তি স্থাপন করা হবে।
প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইনসভায় পশ্চিমবঙ্গ গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল। সেই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের দাবি দীর্ঘদিনের। পালাবদলের পর সরকারিভাবে সেই দাবিই মান্যতা পেল। একইসঙ্গে শ্যামাপ্রসাদের মূর্তি স্থাপনের ঘোষণায় রাজ্য-রাজনীতিতে নতুন মাত্রা যোগ হল বলে মনে করছে রাজনৈতিক মহল।
