নতুনরা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভান্ডার? ১ জুন খুলছে পোর্টাল
কিউ ইন্ডিয়া বাংলা:-আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের নতুন করে আবেদন লাগবে না। তবে নতুন উপভোক্তাদের জন্য ১ জুন থেকেই চালু হচ্ছে পোর্টাল, মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। রাজ্য বা কেন্দ্র সরকারি, অথবা রাজ্য বা কেন্দ্রের সাহায্যপ্রাপ্ত কোনও অফিস বা সংস্থার কর্মী, শিক্ষক-শিক্ষাকর্মী বা পেনশনাররা এই প্রকল্পের সুবিধা পাবেন না। বছরে ৭ লক্ষ টাকার বেশি আয় অর্থাৎ যাঁরা আয়কর দেন, তাঁরাও বাদ।
নতুন আবেদনকারীদের আর্জি খতিয়ে দেখবেন ব্লক উন্নয়ন আধিকারিকেরা। শহরাঞ্চলে এই দায়িত্ব থাকছে মহকুমাশাসকের উপরে। তাঁরা যোগ্যদের নাম জেলাশাসকের কাছে পাঠাবেন। কলকাতার ক্ষেত্রে আবেদন খতিয়ে দেখবেন পুরসভার আধিকারিকেরা, অনুমোদন দেবেন পুর-কমিশনার।
এদিকে প্রকল্প ঘিরে রাজ্যজুড়ে বিভ্রান্তি চরমে। রোজ সকাল থেকে ব্যাঙ্কের শাখাগুলিতে বাড়ছে মহিলাদের লাইন। হুগলি বৈদ্যবাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় মঙ্গলবার সকালেই ভিড় জমিয়েছিলেন প্রায় ৫০০ মহিলা। বেশিরভাগই আসছেন অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ বা কেওয়াইসি আপডেট করতে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকা অনেক মহিলাই এখন সিঙ্গল অ্যাকাউন্ট খুলতে চাইছেন।
তবে ব্যাঙ্কের তরফে জানানো হচ্ছে, নতুন অ্যাকাউন্ট করলে সমস্যায় পড়বেন তাঁরাই। কারণ সরকারের তথ্যভাণ্ডারে পুরোনো অ্যাকাউন্ট নম্বরই রয়েছে। ওই অ্যাকাউন্টেই টাকা জমা পড়বে। পরবর্তীতে পোর্টাল খুললে অ্যাকাউন্ট আপডেট করা যাবে।
কয়েকটি জেলায় অন্নপূর্ণা ভান্ডারের নাম করে ছাপানো ফর্ম পূরণের অভিযোগ উঠেছে। নবান্ন সাফ জানিয়েছে, এ ভাবে ফর্ম পূরণের দরকার নেই। ১ জুন পোর্টাল চালু হলেই অনলাইনে আবেদন করা যাবে। ভোটার তালিকায় যাঁদের নাম কাটা গিয়েছে, তাঁরা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না।
