Canning : তৃণমূলের দুষ্কৃতিদের না ধরায় সাসপেন্ড ক্যানিং থানার আইসি !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের গ্রেপ্তার না করার অভিযোগে সাসপেন্ড করা হল ক্যানিং থানার আইসি অমিত কুমার হাতিকে। শুক্রবার তাঁর সাসপেনশনের অর্ডার আসে। আপাতত ছুটিতে যেতে বলা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার রাতে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় থাকায় থানায় অবস্থান বিক্ষোভ করে বিজেপি। তারপরই এই পদক্ষেপ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানিং পশ্চিম বিধানসভার মাতলা ২ পঞ্চায়েতের মিঠাখালি গ্রামে বিজেপির পার্টি অফিসে বসেছিলেন কার্যকর্তারা। অভিযোগ, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের আশ্রিত ভোলা দাস, কলা দাস, সঞ্জয় দাস, সন্তু দাস-সহ জনাদশেক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হাজির হয়। বিজেপি কার্যকর্তা মুন্না লস্কর ও সুমন চক্রবর্তীকে হুমকি দেয় তারা। অভিযোগ, দুষ্কৃতিরা বলে, “রাতে পার্টি অফিসে তাণ্ডব চলবে। কেউ আটকাতে পারবে না। হাত-পা ভেঙে দেব। গুলি করে খতম করে দেব। বিজেপি করার সাধ ঘুচিয়ে দেব।”
হুমকির পর আতঙ্কিত বিজেপি কর্মীরা দলের শীর্ষ নেতৃত্বকে জানান। এরপর দুষ্কৃতিদের গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে ক্যানিং থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি। প্রায় এক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতা হারিয়ে বিজেপি সরকার গঠন করলেও এলাকায় তৃণমূল আশ্রিতদের তাণ্ডব থামেনি। একের পর এক বিজেপি কর্মী আক্রান্ত হচ্ছেন। পুলিশ প্রশাসন এখনও তৃণমূল নেতাদের কথায় চলছে বলে অভিযোগ। ক্যানিং থানার আইসি অমিত কুমার হাতি তৃণমূলের অঙ্গুলিহেলনে চলেন এবং দুষ্কৃতিদের গ্রেপ্তার করছেন না বলে সরব হন বিক্ষোভকারীরা। বিজেপি কর্মীদের আরও দাবি, বিগত দিনে শাসকদলের ছত্রছায়ায় দুষ্কৃতিদের অত্যাচারে বহু বিজেপি কর্মী ঘরছাড়া। প্রশাসনের দুয়ারে ঘুরেও সুরাহা মেলেনি।
বিজেপি কর্মীদের বিক্ষোভের পরই নড়েচড়ে বসে প্রশাসন। শুক্রবার ক্যানিং থানার আইসি অমিত কুমার হাতির সাসপেনশনের নির্দেশ আসে। তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকার ক্ষমতায় এসে পুলিশ-প্রশাসনে নিরপেক্ষতা ফেরানোর বার্তা দিল। দুষ্কৃতিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।
